ভারতকে দোষী সাব্যস্ত করতে গিয়েই নিজেই লেজেগোবরে পাকিস্তান!
ভারতকে দোষী সাব্যস্ত করতে গিয়েই নিজেই লেজেগোবরে পাকিস্তান!

ভারতকে দোষী সাব্যস্ত করতে গিয়েই নিজেই লেজেগোবরে পাকিস্তান!

Bengal Liberty : উৎসবের মরসুমে ফের বায়ুদূষণের কবলে ভারতের একাধিক শহর। দিল্লি, নয়ডা, পাঞ্জাব, গুরুগ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও প্রতি বছরের মতো এবারও একই ছবি ধরা পড়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বায়ুদূষণের মাত্রা লাগামছাড়া। পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখতে হয়েছে স্কুল, কলেজ, অফিস-কাছারির কাজকর্ম। দূষণের জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রতি মুহূর্তে মারাত্মক বায়ুদূষণের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে তাঁদের।

এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের বিভিন্ন শহরের বায়ুদূষণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। এমনকী সীমান্তবর্তী এলাকাগুলিতেও বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পাকিস্তানের বাসিন্দাদের। কিন্তু মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তানের অবস্থান। সেখানে উল্লেখ করা হয়েছে, বায়ুদূষণের জন্য ভারতকে নির্দিষ্টভাবে দায়ী করা যায় না। বরং পাকিস্তানের বিভিন্ন এলাকায় বাজি পোড়ানোর কারণেই দূষণের সমস্যা তৈরি হয়েছে। আর এই রিপোর্ট ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

ভারতকে দোষারোপ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই কার্যত অস্বস্তিতে পাকিস্তান। ভারতের নাম না জড়ালে যেন পাকিস্তানের কোনও আলোচনাই সম্পূর্ণ হয় না, এমনই কটাক্ষ শুরু হয়েছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে বায়ুদূষণ সংক্রান্ত একটি রিপোর্টে ৫০০টি শহরের মধ্যে ৪৯৯টিই ভারতের বলে যে দাবি করা হয়েছিল, তা নিয়েও জোরকদমে প্রচার চালিয়েছিল পাকিস্তান। যদিও পরবর্তী সময়ে সেই রিপোর্টের সত্যতা নিয়েই প্রশ্ন ওঠে এবং সেটিকে ভুয়ো বলে চিহ্নিত করা হয়।

অন্যদিকে, কৌশলগত দিক থেকেও সাম্প্রতিক সময়ে একাধিক দেশ দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিল ভারতকে। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় ছিল পাকিস্তানও। দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে।

তাহলে ভারতকে বদনাম করার উদ্দেশ্য নিয়েই কি দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিল পাকিস্তান? শুভেচ্ছাবার্তার আড়ালে অন্য কোনও কৌশল ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে ভারতকে দোষারোপ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেদের রিপোর্টেই অবস্থান বদলাতে হওয়ায় অস্বস্তি বেড়েছে ইসলামাবাদের। সব মিলিয়ে, ভারতকে কাঠগড়ায় তুলতে গিয়ে ফের নিজেরাই প্রশ্নের মুখে পাকিস্তান।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।