পিতৃহারা অভিনেতা সোহম!
পিতৃহারা অভিনেতা সোহম! উৎসবের মরশুমে শোকের ছায়া চক্রবর্তী পরিবারে

পিতৃহারা অভিনেতা সোহম! উৎসবের মরশুমে শোকের ছায়া চক্রবর্তী পরিবারে

Bengal Liberty : প্রয়াত টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল সুব্রতবাবুকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমের কাছে অভিনেতার আপ্তসহায়ক তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

একদিকে যখন আলোর উৎসবে মেতেছে গোটা বাংলা, পরিবারে পরিবারে পালিত হচ্ছে ভাইফোঁটা, ঠিক সেই সময়েই সোহমের পরিবারে নেমে এল শোকের ছায়া। বাবা তাঁর কাছে অনেকটা বন্ধুর মতো ছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই সে কথা জানিয়েছিলেন। ২০২১ সালে বাবার জন্মদিনও বেশ ধুমধাম করে পালন করেছিলেন তিনি। তা থেকেই স্পষ্ট, বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। প্রিয়জনকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ অভিনেতা ও তাঁর পরিবার।

উল্লেখ্য, ২০২৬ সালটা অভিনেতার কাছে নানা দিক থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচনে ভরাডুবির পর একাধিক অভিযোগ উঠেছে সোহমের বিরুদ্ধে। রাজনৈতিক জীবনের পাশাপাশি অভিনয় জীবনেও নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তাঁকে। পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে সোহমের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন এক প্রযোজক। সেই সূত্রে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেতা। এর মধ্যেই বাবাকে হারিয়ে বড়সড় ব্যক্তিগত ধাক্কা খেলেন সোহম।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।