Jogen Chowdhury
Jogen Chowdhury

প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী! তৃণমূলের হয়ে গিয়েছিলেন রাজ্যসভায়

Bengal Liberty : দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হল না। প্রয়াত হলেন প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকালে তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পজগতে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। চলছিল চিকিৎসা। সম্প্রতি দুর্গাপুজোর সময় মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ফেরা হল না ৮৭ বছরের শিল্পীর।

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্ম যোগেনের। দেশভাগের সময় পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তাঁর। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার। মা আলপনা আঁকায় দক্ষ ছিলেন। পারিবারিক শিল্পচর্চার পরিবেশই ছোটবেলা থেকে যোগেনের মধ্যে ছবি আঁকার প্রতি ভালোবাসা তৈরি করেছিল।

শিল্পশিক্ষা শেষ করে কর্মজীবনের শুরুতে হাওড়া জেলা স্কুলে শিল্পের শিক্ষক হিসেবে কাজ করেন তিনি। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। পরবর্তীকালে মাদ্রাজেও টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেছেন। ১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য প্যারিসে পাড়ি দেন যোগেন। বিদেশে শিল্পশিক্ষা তাঁর শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করে।

পরবর্তীকালে রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বও পালন করেন তিনি। সমাজ ও রাজনীতির নানা দিক ব্যঙ্গাত্মক চিত্রের মাধ্যমে তুলে ধরে আন্তর্জাতিক স্তরে পরিচিতি অর্জন করেন যোগেন। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য হন তিনি। তবে তাঁকে কখনও তৃণমূলের সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। ২০২০ সালে ছ’বছরের মেয়াদ শেষ হলে তাঁকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর ছবিতে ভারতীয় শিল্পধারা ও ইউরোপীয় শিল্পভাবনার মেলবন্ধন দেখা যায়। নিজস্ব শিল্পশৈলীর জন্য শিল্পমহলে বিশেষ পরিচিতি ছিল তাঁর। যোগেন চৌধুরীর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল বলেই মনে করছেন শিল্পীমহলের অনেকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।