Bengal Liberty : মেয়ের বিয়ে বলে কথা! আর সেই বিয়েকে ঘিরেই কার্যত চমকের পর চমক দিতে চলেছেন বিহারের বাহুবলী নেতা অনন্ত সিং। মেয়ের বিয়েতে প্রায় ৪ লক্ষ অতিথির জন্য ভোজের আয়োজন করছেন তিনি। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দেশের রাজনৈতিক ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে রিষিকেশ কুমারের। বিহারের মোকামার লাডমা গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতেই বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে প্রস্তুতি। কয়েক একর জমি জুড়ে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল ও মঞ্চ। এই আয়োজনের দায়িত্ব সামলাতে উত্তরপ্রদেশের মৌ থেকে বিশেষ কারিগরদের নিয়ে আসা হয়েছে।
বিয়েতে প্রায় ৪ লক্ষ মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে চলেছেন অনন্ত সিং। অতিথিদের জন্য থাকছে ১৫০-রও বেশি ধরনের খাবারের পদ। শুধু সাধারণ অতিথিদের জন্যই নয়, ভিআইপি অতিথিদের জন্যও তৈরি করা হচ্ছে আলাদা প্যান্ডেল। আগামী ২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও খবর
অনন্ত সিং জানিয়েছেন, বিয়েতে কোনও রাজনৈতিক বিভাজন থাকবে না। শাসক-বিরোধী নির্বিশেষে সকলকেই আমন্ত্রণ জানানো হবে। শুধু বিহার নয়, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পাকিস্তানেও পরিচিতদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
সম্ভাব্য আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বিনোদন জগতের তরফে সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, পবন সিং-সহ একাধিক তারকাকে আমন্ত্রণ জানানোর কথা জানা গিয়েছে। তবে তাঁদের মধ্যে কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।
তবে অনন্ত সিংয়ের ব্যক্তিগত জীবনের এই আনন্দের আবহেও রয়েছে আইনি জটিলতা। দুলারচাঁদ যাদব হত্যা মামলায় অভিযুক্ত এই নেতাকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত বছরের অক্টোবর মাসে এই মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে চলতি বছরের মার্চ মাসে জামিনে মুক্তি পান। কিন্তু সম্প্রতি শীর্ষ আদালত তাঁকে ফের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
অর্থাৎ, ২৫ নভেম্বর মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার মাত্র ছ’দিন পরেই আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করতে হতে পারে বিহারের এই বিতর্কিত নেতাকে। ফলে একদিকে মেয়ের বিয়ের রাজকীয় আয়োজন, অন্যদিকে আইনি চাপ—দুইয়ের মাঝে এখন আলোচনার কেন্দ্রে অনন্ত সিং।


