Bengal Liberty : ‘বিখ্যাত তোলাবাজ ভাইপোর জন্মদিন উদযাপনে ক্ষতিগ্রস্ত ৮০ জন মৃৎশিল্পী।’ কালীঘাটের পটুয়াপাড়ায় গিয়ে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬ নভেম্বর মধ্যরাতে কালীপুজোর আগে অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে রাস্তা ও ফুটপাথ আটকে ব্যারিকেড এবং জমায়েতের জেরে ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিলেন পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই তাঁদের সঙ্গে দেখা করতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন শিল্পীদের সঙ্গে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যেক মৃৎশিল্পীকে ৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে হরিশ চ্যাটার্জি রোডের কালীপুজোর মণ্ডপে প্রতিমা দর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড লাগোয়া কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছন তিনি। মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতির হিসেব নেন। শিল্পীদের অভিযোগ, কালীপুজোর আগে অভিষেকের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাস্তা ও ফুটপাথের একাংশ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল। পুলিশের নির্দেশ অমান্য করে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত এবং দীর্ঘক্ষণ যানজটের কারণে পটুয়াপাড়ায় ক্রেতাদের যাতায়াত ব্যাহত হয়। এমনকী, বিভিন্ন পুজো কমিটির প্রতিমা মণ্ডপে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়।
মৃৎশিল্পীদের দাবি, সারা বছর পরিশ্রম করে কালীপুজোর আগে প্রতিমা তৈরি করেন তাঁরা। এই সময়েই প্রতিমা বিক্রি করে সারা বছরের আয়ের একটা বড় অংশ আসে। কিন্তু রাস্তা আটকে জমায়েতের কারণে ক্রেতাদের অনেকেই তাঁদের কাছে পৌঁছতে পারেননি। ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে শিল্পীদের।
আরও খবর
শিল্পীদের ক্ষতির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিখ্যাত তোলাবাজ ভাইপোর অত্যাচারে ক্ষতিগ্রস্ত ৮০ জন মৃৎশিল্পী। প্রত্যেকের প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে। আমার অত ক্ষমতা নেই। কিন্তু যেটুকু পারি, নিজের বেতন থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীকে ৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি।”
পাশাপাশি ব্যারিকেড সংস্কৃতি নিয়েও পুলিশকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ভাইপো আমদানি হওয়ার পরে যেভাবে ব্যারিকেড করে রাখা হয়, এঁদের ঠাকুর বিক্রিতে অসুবিধে হয়। আগামীকাল থেকে আর হবে না। প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
সাধারণ মানুষের যাতায়াত এবং ব্যবসায়ীদের জীবিকা যাতে কোনও রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাহত না হয়, সেই বার্তাই এ দিন দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি এই ঘটনায় ফের একবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল কালীঘাট।


