দিদির পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! পরিবারে ফের ফাটল?
দিদির পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! পরিবারে ফের ফাটল?

দিদির পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের! পরিবারে ফের ফাটল?

Bengal Liberty : মমতার পাড়ায় পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনাকে ঘিরেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পায়ে হেঁটে কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিতে ঢোকার মুখে বাঁ দিকে রয়েছে শিবশক্তি সংঘের পুজো। এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। ওই পুজোয় বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। আর তারপরেই মমতার ঘনিষ্ঠ তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়ে দেন, অনেক আগেই মমতা তাঁর ছোট ভাইকে ত্যাজ্য করেছেন।

শিবশক্তি সংঘের প্রতিমা দর্শনের পর বাবুনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে মিষ্টিও খাওয়ান। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়ে বাবুন বলেন, ‘একটাই কথা বলব, দাদা, তুমি এগিয়ে চলো। তোমার পাশে আছি।’ বাবুনের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর সাড়া দেওয়া এবং শুভেন্দুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদি মমতার সম্পর্কের টানাপড়েন নতুন নয়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হাওড়া সদর কেন্দ্রে তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বাবুন। সেই সময় বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ এবং দিল্লিতে বিজেপি-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্ট জানিয়েছিলেন, “ওকে আমি শিক্ষা দিতে পারিনি।”

যদিও পরবর্তীতে সেই সংঘাতের বরফ কিছুটা গলে। ২০২৪ সালের ভাইফোঁটায় কালীঘাটের বাড়িতে গিয়ে দিদির কাছ থেকে ফোঁটাও নেন বাবুন। কিন্তু চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ফের দু’জনের মধ্যে দূরত্ব বাড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে তুলে ধরার বিষয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন বাবুন। মে মাস থেকে মমতার ‘অভিষেক-প্রীতি’ নিয়েও সরব হন তিনি। ফলে দিদির সঙ্গে তাঁর দূরত্ব আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ কালীঘাটের বিভিন্ন রাস্তায় পায়ে হেঁটে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যান মমতার বাড়ির কাছের সেবক সংঘের কালীপুজোতেও। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলান, কথা বলেন। তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অনেকেই এগিয়ে এসে হাত মেলানোর পাশাপাশি সেলফিও তোলেন। এক খুদে নিজের হাতে পেন্সিল দিয়ে আঁকা শুভেন্দুর ছবি উপহার দেয় মুখ্যমন্ত্রীকে। সেই উপহার পেয়ে নিজের গলার উত্তরীয় খুলে শিশুটির গলায় পরিয়ে দেন তিনি।

মুখ্যমন্ত্রীর এভাবে দীর্ঘক্ষণ পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনকে রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একজন মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকায় এভাবে স্বচ্ছন্দে ঘুরে বেড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়াকে নজিরবিহীন বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।

এই আবহে বাবুনের আমন্ত্রণ গ্রহণ করে শুভেন্দু অধিকারীর পুজোয় যাওয়া, মুখ্যমন্ত্রীকে ‘দাদা’ বলে সম্বোধন এবং প্রকাশ্যে তাঁর পাশে থাকার বার্তা দেওয়াকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। মমতার বাড়ির এত কাছে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুনের এই ছবি কি বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরের দূরত্বকেই আরও প্রকাশ্যে এনে দিল? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে নতুন কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? আপাতত সেই প্রশ্নই ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।