Bengal Liberty : দেশজুড়ে আবার বাড়ছে আমূলের প্যাকেজ জাত দুধের দাম। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) বুধবার আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে প্যাকেটের দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। দুধের প্রকারভেদ অনুযায়ী প্রতি লিটারে দাম বাড়ছে ২ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত। বর্ধিত এই নতুন মূল্য আগামী ১২ নভেম্বর থেকে সারা দেশে কার্যকর হবে।সংস্থার তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১২ নভেম্বর থেকে দেশজুড়ে আমূলের সব ধরনের তাজা প্যাকেজ জাত দুধের ওপর গড়ে আনুমানিক ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে।
আমূল কর্তৃপক্ষের দাবি, বিগত এক বছরে দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ফিল্মের খরচ এবং পরিবহণের জন্য ব্যবহৃত জ্বালানি তেলের মারাত্মক দাম বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল।মূল্যবৃদ্ধির সপক্ষে যুক্তি দিয়ে আমূল জানিয়েছে যে, গত এক বছরে পশুখাদ্যের অন্যতম উপাদান যেমন সবুজ ও শুকনো গো-খাদ্য, ভুট্টা এবং গুড়ের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে প্রক্রিয়াকরণ ও সরবরাহ ব্যবস্থার খরচ এবং প্যাকেজিং সামগ্রীর মূল্যেও মারাত্মক ঊর্ধ্বগতি দেখা গেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গুজরাট সহ ভারতের বিভিন্ন অঞ্চলে অসম ও কম বৃষ্টিপাতের কারণে তৈরি হওয়া কঠিন পরিবেশগত পরিস্থিতিতে দুগ্ধ উৎপাদক ও চাষীদের উপযুক্ত ও লাভজনক মূল্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
উৎপাদকদের পাশে দাঁড়াতে এবং এই কঠিন সময়ে তাঁদের সহায়তা প্রদান করতেই বাধ্য হয়ে ক্রেতাদের জন্য দুধের খুচরা বিক্রয়মূল্য সামান্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। প্রসঙ্গত, দীপাবলির আগেই ঘি ও মাখনের দাম বাড়িয়েছিল আমূল। এক কেজির ঘিয়ের কার্টনের দাম ৬৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম বেড়েছে ৪০ টাকা। ৫০০ গ্রামের পিওর ঘিয়ের পাউচের নতুন দাম ৩৪৫। আমূলের গরুর দুধের ঘিয়ের দামও বাড়ানো হয়েছে। ৫০০ মিলিলিটারের পাউচ কিনতে আগে লাগত ৩৫০ টাকা। এখন সেই একই প্যাকেটের জন্য দিতে হবে ৩৭০ টাকা। অন্যদিকে, এক লিটারের পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ টাকা।


