কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোপালে তাঁর বাসভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর প্রয়াত মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি শিবরাজ সিং চৌহান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর, শুক্রবার, ভোপালের এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন কাশীবাঈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যে একাধিক পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। বাঁকুড়ায় নির্ধারিত সময়ের মধ্যে নিজের কর্মসূচি শেষ করে তিনি ভোপালের উদ্দেশে রওনা হন। এরপর সন্ধ্যায় শিবরাজ সিং চৌহানের বাসভবনে পৌঁছে প্রয়াত কাশীবাঈয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
আরও খবর
উল্লেখ্য, বৃহস্পতিবারই ছিল কাশীবাঈয়ের মৃত্যুর ত্রয়োদশ দিনের শ্রাদ্ধানুষ্ঠান। ভোপালের বৃন্দাবন গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও জনপ্রতিনিধিরাও প্রয়াত কাশীবাঈকে শ্রদ্ধা জানান।


