Suvendu Adhikari
জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ উদ্বোধন! উৎসবের মরশুমে রাজ্যের নানা উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী

জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ উদ্বোধন! উৎসবের মরশুমে রাজ্যের নানা উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty : “বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে নয়, বাংলার সেবক হিসেবে কাজ করব।” চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ উদ্বোধনের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মেরি মাঠে পুজোর নির্দেশিকা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে জগদ্ধাত্রী মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনার পাশাপাশি উৎসবের আয়োজন, নিরাপত্তা এবং রাজ্যের ঐতিহ্য রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। চন্দননগরের পুজোকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

এবার চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৪২৭টি সর্বজনীন এবং ৪২টি পারিবারিক পুজোর আয়োজন করা হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব। পুজোকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ১,০০০ পুলিশকর্মী এবং ১,৫০০ সিভিক ভলান্টিয়ার। পাশাপাশি মোতায়েন থাকছে দমকলের ১০টি ইঞ্জিন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। রেল ও স্বাস্থ্য দফতরের সঙ্গেও সমন্বয় রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

উৎসবের আয়োজন ও পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের হিসাবও তুলে ধরেন তিনি। চন্দননগর ও ভদ্রেশ্বরের আলোকসজ্জার জন্য রাজ্য সরকারের তরফে খরচ করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা। ঘাটের উন্নয়ন, পানীয় জল, শৌচালয় এবং দর্শনার্থীদের পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। পূর্ত দফতরের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি সেবাশিবির ও আটটি পরিষেবা কেন্দ্র। অন্যদিকে, চন্দননগর পুরনিগমের উদ্যোগে বসানো হয়েছে ৪৫টি পানীয় জলের কিয়স্ক। এ ছাড়াও আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য সংস্কৃতি দফতরের তরফে আরও ছয় কোটি টাকা ব্যয়ের কথা জানান তিনি।

চন্দননগরের আলোকসজ্জার ঐতিহ্য, ফরাসি আমলের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথাও এদিনের বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাঁশের কাঠামোয় গ্যাসবাতি দিয়ে আলোকসজ্জার দিন থেকে আজকের কম্পিউটার নিয়ন্ত্রিত এলইডি আলো—দীর্ঘ পথ পেরিয়েছে এই শিল্প। আগামী দিনে এই উৎসবের পরিসর আরও বাড়াতে অর্থ বরাদ্দ বৃদ্ধির আশ্বাসও দেন তিনি।

এদিন রাজ্যের অন্যান্য ধর্মীয় উৎসবের আয়োজনের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। দুর্গাপুজো ও কালীপুজোর সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে রাসপূর্ণিমা, শান্তিপুর ও নবদ্বীপের উৎসব এবং গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি মঠ-মন্দির সংস্কার এবং তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তুলতে আগামী দু’বছরে এক হাজার কোটি টাকা খরচের সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।