সোনিয়ার আত্মজীবনীতে ভিত্তিহীন দাবি! তোপ আন্না হাজারের
সোনিয়ার আত্মজীবনীতে ভিত্তিহীন দাবি! তোপ আন্না হাজারের

সোনিয়ার আত্মজীবনীতে ভিত্তিহীন দাবি! তোপ আন্না হাজারের

সদ্য প্রকাশিত প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর একটি মন্তব্য ঘিরে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করলেন প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। তাঁর নেতৃত্বে হওয়া ঐতিহাসিক দুর্নীতি বিরোধী আন্দোলনের নেপথ্যে বিজেপি ও আরএসএস-এর মদত ছিল বলে সোনিয়া যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৮৯ বছর বয়সি এই সমাজকর্মী। সোনিয়া তাঁর স্মৃতিকথায় উল্লেখ করেছেন, তৎকালীন ইউপিএ সরকারকে বিপাকে ফেলা আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনটি আদতে বিজেপি এবং আরএসএস-এর সহায়তায় সংগঠিত হয়েছিল, যা পরবর্তীতে ওই আন্দোলনেরই একাধিক অংশগ্রহণকারী স্বীকার করেছেন। তবে এই অভিযোগ করতে গিয়ে সোনিয়া আন্দোলনের সালটিও ভুল উল্লেখ করেছেন। ২০১১ সালের ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’ (আইএসি) আন্দোলনকে তিনি বইয়ে ২০১২ সালের ঘটনা হিসেবে লিখেছেন। সোনিয়ার এই বই প্রকাশ্যে আসার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আন্না হাজারে। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “সোনিয়া গান্ধীর মতো একজন দায়িত্বশীল নেত্রীর আরও দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। তিনি যা লিখেছেন তা সম্পূর্ণ ভুল।

বিজেপি বা আরএসএস, কারও সঙ্গেই আমার কোনও সম্পর্ক নেই এবং আমি ওদের কোনও কর্মসূচিতেও যোগ দিই না। আমার কাছে দেশই সবার আগে।” নিজের নিরপেক্ষ অবস্থানের কথা স্পষ্ট করে আন্না আরও জানান, তিনি কারও হয়ে কাজ করেন না, যা করেন তা কেবল দেশের স্বার্থেই করেন। তাঁর কথায়, “আমি আজ পর্যন্ত সোনিয়া গান্ধীকে সামনাসামনি দেখিনি, তিনিও আমাকে দেখেননি। কাউকে না দেখে বা না জেনে তাঁর সম্পর্কে এ ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, তা আমার জানা নেই।” উল্লেখ্য, সাতটি অধ্যায়ে বিভক্ত সোনিয়া গান্ধীর এই আত্মজীবনীতে ইতালির প্রত্যন্ত গ্রাম থেকে ভারতে আসা, রাজীব গান্ধীর সঙ্গে বিবাহ এবং দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় রাজনীতির অন্দরমহলের নানা অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে। তবে প্রকাশের পর থেকেই বইটির একাধিক তথ্য ও দাবি নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।