Bengal Liberty : রাজ্যের প্রতিটি এলাকায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বাড়াতে বিট লেভেল পুলিশিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বিট অফিসার নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তাঁর সেই ঘোষণাকে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোতে চলেছে রাজ্য। এই ব্যবস্থাকে কার্যকর করতে এক বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। শুক্রবার সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হতে চলেছে।
নবান্ন সভাঘরে দুপুর সাড়ে ১২টা নাগাদ আয়োজিত হবে এই কর্মসূচি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের বিজ্ঞপ্তিতে এই অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত পরিকল্পনাকে প্রশাসনিক স্তরে কার্যকর করার ক্ষেত্রে এই মউ স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসনিক মহল।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রতিটি থানার অধীন এলাকাকে ছোট ছোট বিটে ভাগ করে নির্দিষ্ট পুলিশ আধিকারিক বা কর্মীকে দায়িত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট বিট অফিসার নিয়মিত নিজের এলাকায় টহল দেবেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে বৈঠক করে এলাকার সমস্যা ও অপরাধপ্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে গঠন করা হবে বিট সিটিজেন কমিটি। তাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে এলাকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
আরও খবর
অপরাধ ঘটার আগেই একেবারে নিচু স্তর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত পরিষেবা দেওয়ার উপরেও জোর দেওয়া হচ্ছে। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানো এবং ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনাও রয়েছে।
একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি করে নিয়মিত তাঁদের খোঁজখবর নেওয়া এবং মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজরদারিও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। পুলিশের সঙ্গে নাগরিকদের আস্থার সম্পর্ক আরও মজবুত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।


