Bengal Liberty : নির্ধারিত সময়সীমার মধ্যে শংসাপত্র, অনুমোদন কিংবা লাইসেন্সের আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য প্রশাসন। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের দফতর থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে কারণ দর্শানোর নোটিস বা শোকজ করা হবে। বিভিন্ন সরকারি আইন ও বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনও আবেদন নিষ্পত্তি না হলে তা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বা ‘ডিমড গ্র্যান্ট’ হিসেবে গণ্য হয়। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, এ ধরনের ঘটনা সংশ্লিষ্ট আধিকারিকের দায়িত্ব পালনে গাফিলতির ইঙ্গিত দেয়। তাই প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
নির্দেশিকা অনুযায়ী, আবেদন নিষ্পত্তিতে বিলম্বের কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ নোটিস পাঠানো হবে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে তাঁকে। আধিকারিকের দেওয়া ব্যাখ্যা খতিয়ে দেখেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ স্থির করা হবে। পাশাপাশি, গোটা প্রক্রিয়ায় নজরদারি জোরদার করতে প্রতিটি দফতরকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্টে কতগুলি আবেদন স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়েছে, কতজন আধিকারিককে শোকজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তার পূর্ণাঙ্গ বিবরণ থাকতে হবে।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়ন ও বিনিয়োগ টানতে বিশেষ উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। ঘোষণা করেছেন নতুন শিল্পনীতিও। প্রশাসনিক মহলের মতে, শিল্প স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন দফতরের ছাড়পত্র ও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক গাফিলতি রুখতেই নবান্নের এই কড়া পদক্ষেপ।
নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, “সময়মতো পরিষেবা পাওয়া নাগরিক ও বিনিয়োগকারীদের অধিকার। কাজে গাফিলতি হলে কোনও আধিকারিকই দায় এড়াতে পারবেন না।”


