Bengal Liberty : বরাহনগরের ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। দীর্ঘক্ষণের তল্লাশির পর ভিনরাজ্যের একটি রেলস্টেশনের বাইরে থেকে গ্রেফতার করা হল তাঁর পলাতক প্রেমিককে। পুলিশ সূত্রে দাবি, অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। সেই বিবাদের জেরেই অঞ্জলিকে খুন করে পালিয়ে যান অভিযুক্ত। খুনের পর মৃতার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগও রাখছিলেন তিনি। মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করেই শেষ পর্যন্ত অভিযুক্তের নাগাল পান তদন্তকারীরা।
পাবজি খেলাকে কেন্দ্র করে বিবাদ
পুলিশ সূত্রে দাবি, পাবজি খেলায় আসক্ত ছিলেন অভিযুক্ত যুবক। এই অনলাইন গেমকে কেন্দ্র করেই অঞ্জলির সঙ্গে তাঁর বিবাদ তৈরি হয়। সেই বিবাদের জেরেই তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। যদিও গেম খেলাকে কেন্দ্র করে ঠিক কী নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গত ১০ নভেম্বর বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ২৬ বছর বয়সি ওই তরুণীর বাড়ি ডানলপ এলাকায়। জানা গিয়েছে, অঞ্জলির বরাহনগরে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানতেন তাঁর প্রেমিক। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত।
মোবাইলের টাওয়ার লোকেশন ধরে ভিনরাজ্য থেকে গ্রেফতার
তদন্তে পুলিশ জানতে পারে, খুনের পর অঞ্জলির মোবাইল ফোন ব্যবহার করেই পরিবারের সদস্যদের মেসেজ পাঠানো হচ্ছিল। সেই সূত্র ধরে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা। কিন্তু বারবার ফোন সুইচ অন ও অফ করে অবস্থান বদল করছিলেন অভিযুক্ত। পুলিশের অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই কৌশল নিয়েছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার বরাহনগর থানার এক সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে ভিন্রাজ্যে অভিযান চালানো হয়। একটি রেলস্টেশনের বাইরে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।


