Baranagar
বরাহনগরে তরুণী খুনে গ্রেফতার প্রেমিক

পাবজি খেলাকে কেন্দ্র করে বিবাদ! বরাহনগরে তরুণী খুনে ভিনরাজ্য থেকে গ্রেফতার প্রেমিক

পুলিশ সূত্রে দাবি, পাবজি খেলায় আসক্ত ছিলেন অভিযুক্ত যুবক। এই অনলাইন গেমকে কেন্দ্র করেই অঞ্জলির সঙ্গে তাঁর বিবাদ তৈরি হয়। সেই বিবাদের জেরেই তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। যদিও গেম খেলাকে কেন্দ্র করে ঠিক কী নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গত ১০ নভেম্বর বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ২৬ বছর বয়সি ওই তরুণীর বাড়ি ডানলপ এলাকায়। জানা গিয়েছে, অঞ্জলির বরাহনগরে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানতেন তাঁর প্রেমিক। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত।

তদন্তে পুলিশ জানতে পারে, খুনের পর অঞ্জলির মোবাইল ফোন ব্যবহার করেই পরিবারের সদস্যদের মেসেজ পাঠানো হচ্ছিল। সেই সূত্র ধরে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা। কিন্তু বারবার ফোন সুইচ অন ও অফ করে অবস্থান বদল করছিলেন অভিযুক্ত। পুলিশের অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই কৌশল নিয়েছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার বরাহনগর থানার এক সাব-ইনস্পেক্টরের নেতৃত্বে ভিন্‌রাজ্যে অভিযান চালানো হয়। একটি রেলস্টেশনের বাইরে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।