Bengal Liberty : দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে ছড়াল তীব্র উত্তেজনা। রাতের অন্ধকারে সিসিটিভির তার ছিঁড়ে কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। দলীয় পতাকা, ফেস্টুন থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ। ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
সিসিটিভির তার ছিঁড়ে কার্যালয়ে হামলার অভিযোগ
দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় রয়েছে বিজেপির একটি দলীয় কার্যালয়। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে ওই এলাকায় পুলিশের লাগানো সিসিটিভির তার ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। এরপর কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কার্যালয়ে থাকা দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। বাদ যায়নি দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও। এমনকী, কার্যালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, পরিকল্পিতভাবেই রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দোষীদের শাস্তির দাবি বিজেপির
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তাঁর অভিযোগ, দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুন পর্যন্ত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নিরঞ্জন মণ্ডলের কথায়, “জঘন্যতম অন্যায় করেছে। দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও ফেলে দেওয়া হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।” তিনি আরও জানান, “পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে। পুলিশ ভালোভাবে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক।” ভাঙচুরের নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


