Bengal Liberty : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত জব্বরপল্লিতে শ্যামকুমার দাস (৩৫) নামে এক বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে।উল্লেখ্য, শ্যাম পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির ৩ নম্বর মণ্ডলের ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন।
গত বুধবার রাতে দুর্গাপুরের জব্বরপল্লি এলাকায় কালীপুজোর বিসর্জন চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গিয়েছে, শ্যামের সঙ্গে তিন প্রতিবেশির বাড়ি ফেরার পথে পুরোনো জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং তা হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ অনুযায়ী, রড দিয়ে বেধড়ক মারধর করায় শ্যামকুমার গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডিএসপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে নামে দু’জনকে গ্রেফতার করেছে। অপর অভিযুক্ত অজয় নন্দী বর্তমানে পলাতক রয়েছে।
নিহতের বাবা পরিমল দাস দাবি করেছেন, অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত। যদিও স্থানীয় সূত্রে অভিযুক্তদের বিজেপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত থাকার কথাও উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে গোষ্ঠীদ্বন্দ্ব বা জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


