রবিবার ব্যাহত মেট্রো পরিষেবা! নির্দেশিকা অনুযায়ী বদলাচ্ছে ব্লু লাইনের রুট
রবিবার ব্যাহত মেট্রো পরিষেবা! নির্দেশিকা অনুযায়ী বদলাচ্ছে ব্লু লাইনের রুট

রবিবার ব্যাহত মেট্রো পরিষেবা! নির্দেশিকা অনুযায়ী বদলাচ্ছে ব্লু লাইনের রুট

Bengal Liberty : রবিবার কলকাতায় ব্যাহত হতে চলেছে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েকটি রবিবার ব্লু লাইনের একাংশে বন্ধ থাকবে মেট্রো চলাচল। চলতি মাসের ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর—এই চারটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এরপর ১৩ ডিসেম্বর, রবিবার একই সময়ের জন্য বন্ধ থাকবে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রথম চারটি রবিবার দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করবে। সকাল ৯টায় দুই প্রান্ত থেকেই ছাড়বে প্রথম মেট্রো। তবে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত অংশে কোনও ট্রেন চলবে না। সন্ধ্যা ৬টার পর গোটা ব্লু লাইনে পরিষেবা ফের স্বাভাবিক হওয়ার কথা। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো চলবে নির্ধারিত সময়সূচি মেনেই।

১৩ ডিসেম্বরের ক্ষেত্রে বদলাবে পরিষেবার পরিসর। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকবে। দক্ষিণেশ্বর থেকে সকাল ৯টায় এবং ময়দান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। সন্ধ্যা ৬টার পর গোটা ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। সেদিনও শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো চলবে নির্ধারিত সময় অনুযায়ী।

তবে এই দিনগুলিতে ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অন্যদিকে, রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।