Bengal Liberty : মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মর্মে বিবৃতি দিয়েছিলেন, “ইরানকে মানচিত্র থেকে সরিয়ে ফেলতে দশ মিনিটও লাগবে না।” কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দেওয়ার পর সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু সমালোচনাকে গুরুত্ব না দিয়ে ইরানের উদ্দেশে লাগাতার হুঙ্কার দিয়ে গিয়েছেন ট্রাম্প। তবে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পরেই যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতি জেডি ভান্সকে আমেরিকার অভ্যন্তরীণ সমস্যাগুলির উপর নজর দেওয়ার নির্দেশ দিলেন তিনি।
পাশাপাশি, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করা, পণ্য আদান-প্রদান, ব্যবসা-বাণিজ্য এবং পর্যাপ্ত নিয়মকানুন বজায় রাখার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলির উপরেও জোর দেওয়ার কথা বলেন ট্রাম্প। আর তাঁর এই নির্দেশের পরেই উঠছে প্রশ্ন, তবে কি ইরান যুদ্ধ থেকে অবশেষে সরে দাঁড়াতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? মাসের পর মাস ধরে লাগাতার হামলা, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চূড়ান্ত টানাপোড়েন। সেই সঙ্গে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলার পর ইরানের রাজধানী তেহরানে প্রায় সাত দিন ধরে পাল্টা আক্রমণ চালিয়েছে আমেরিকা। তবে কি অবশেষে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প?
শুক্রবার তেহরান দাবি করেছে, বাহরিনে মার্কিন রাডারকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এরপর কি পাল্টা আক্রমণ চালাবে ওয়াশিংটন? এমন জল্পনার মধ্যেই জানা গিয়েছে, ইরানের বিরুদ্ধে তীব্র সংঘাত এবং লেবাননে ইজরায়েলের হামলার প্রতি সমর্থনের জেরেই মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়েছে রিপাবলিকানরা। সাধারণ মানুষের প্রশ্ন ছিল একটাই, কেন এই যুদ্ধে মার্কিন সেনা লড়ছে? এই প্রশ্ন তুলেই ওয়াশিংটনজুড়ে হোয়াইট হাউসের সামনে আয়োজিত ‘নো কিংস’ আন্দোলনের বিক্ষোভে সামিল হয়েছিলেন হাজার হাজার আন্দোলনকারী।
আরও খবর
তবে এখনও পর্যন্ত যুদ্ধ থেকে সরে আসার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি ট্রাম্প। অতীতেও একাধিকবার যুদ্ধের বিরোধিতার কথা বলেও পরক্ষণেই হামলার নির্দেশ দিয়েছেন তিনি। অবশেষে কি থামবে ইরান যুদ্ধ? কোন দিকে মোড় নেবে পরিস্থিতি? সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


