Bengal Liberty : মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দেশব্যাপী বিমান চলাচল বন্ধের নির্দেশ তুলে নিয়েছে। এর পরেই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট ফের ধীরে ধীরে চালু হচ্ছে। স্বাভাবিক হতে শুরু করেছে পরিষেবা। তবে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অচলাবস্থার কারণে আগামী কয়েক দিন ফ্লাইট চলাচল দেরি ও বাতিলের রেশ অব্যাহত থাকতে পারে। এমনটাই সতর্ক করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।এরপর সিস্টেমগুলো নিখুঁতভাবে পরীক্ষা করার পর রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথ ফের খুলে দেয়। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই বিষয়ে জানিয়েছেন, দেশের ২২টি আঞ্চলিক এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের পুরোনো রাউটার ও যোগাযোগ প্রযুক্তিতে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হওয়ায় এই বিভ্রাট ঘটে।
তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন নিশ্চিত করেছেন যে এটি কোনো সাইবার হামলা বা নাশকতা নয়। এই ঘটনায় কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল করা হয়েছে আরও ফ্লাইট। এতে প্রায় ১৫ লাখেরও বেশি যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পুরোদমে বিমান পরিষেবা চালু করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য পরামর্শ হয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে বা যুক্তরাষ্ট্র থেকে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাঁদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সরাসরি নিজস্ব এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার।


