Bengal Liberty : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তোলাবাজি ও দখলদারির অভিযোগ ঘিরে অস্বস্তি কাটছে না শাসকদল বিজেপির অন্দরে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল খোদ মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ। সরকারি চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি-বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণকে গ্রেফতার করেছে পুলিশ। এই খবর সামনে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ
পুলিশ সূত্রে খবর, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে টাকা তুলতেন বলে অভিযোগ অভিজিৎ করণের বিরুদ্ধে। শুধু চাকরির প্রতিশ্রুতিই নয়, বিভিন্ন নির্বাচনে প্রার্থী করে দেওয়ার টোপ দিয়েও দলের একাধিক নেতার কাছ থেকে তিনি টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ। সব মিলিয়ে প্রতারণার অঙ্ক প্রায় ৬ কোটি টাকা বলে অভিযোগকারীদের দাবি। প্রতারিত এক বিজেপি নেতার অভিযোগ, বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। কলকাতার একটি হোটেলে ওই টাকা দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। কিন্তু পরবর্তী সময়ে তাঁকে প্রার্থী করা হয়নি। এমনকী, প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরতও দেওয়া হয়নি বলে অভিযোগ ওই নেতার।
ওই অভিযোগকারীর আরও দাবি, খঞ্চির এক বিজেপি নেতার কাছ থেকেও একই কায়দায় প্রায় ৬ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। অর্থাৎ, দলেরই একাধিক নেতাকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আরও খবর
শুভেন্দুর নির্দেশে গ্রেফতার
অভিযোগ, মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করেও অভিজিৎ করণ টাকা তুলতেন বলে দাবি করেছেন অভিযোগকারীরা। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এক প্রতারিত বিজেপি নেতা। ঘটনার খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে পৌঁছতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছেও নির্দেশ পৌঁছয়। এরপরই পুলিশ অভিজিৎ করণকে গ্রেফতার করে।


