Bengal Liberty : সরকারি জমি দখলমুক্ত করতে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ শুরু করল রাজ্য সরকার। সরকারি জমি যাতে কোনও ভাবেই বেদখল না হয়, তা নিশ্চিত করতে এবার দফতর ধরে ধরে তৈরি করা হবে জমির পৃথক খতিয়ান। শুধু তা-ই নয়, প্রতিটি জমির বিস্তারিত তথ্য নিয়ে তৈরি হবে নির্দিষ্ট ডেটাব্যাংক। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে সরকারি জমি দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়, সচিবালয়ে সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকেও ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে সরকারি জমির তথ্যভান্ডার তৈরির নির্দেশ দেন তিনি। কারণ, সরকারি জমি শুধু বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য নয়, শিল্পে বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্পদ। আগামী দিনে বিনিয়োগকারীদের সামনে এই জমির তথ্য তুলে ধরার পরিকল্পনাও রয়েছে সরকারের।
সেই লক্ষ্যেই এবার জেলায় জেলায় বিভিন্ন সরকারি দফতরের অধীনে থাকা জমির পৃথক সমীক্ষা শুরু হচ্ছে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বিএলআরও-রা সংশ্লিষ্ট জমিগুলি পরিদর্শন করবেন। জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখে সার্ভের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এরপর সেই সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হবে। পাশাপাশি প্রতি মাসে সরকারি জমির পরিস্থিতি খতিয়ে দেখতে সমীক্ষা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবর
প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নিয়মিত নজরদারি ও সমীক্ষার অভাবে দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় সরকারি জমি দখলের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতি ঠেকাতেই নতুন উদ্যোগ। এত দিন সরকারি জমির খতিয়ান এক ভাবে নথিভুক্ত করা হলেও এ বার পূর্ত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর-সহ প্রতিটি দফতরের অধীনে থাকা জমির জন্য পৃথক খতিয়ান তৈরি হবে।
প্রশাসনের লক্ষ্য, এক দিকে সরকারি জমি দখল রোখা, অন্য দিকে জমির সঠিক তথ্যভান্ডার তৈরি করে ভবিষ্যতে শিল্প ও বিনিয়োগের পথ আরও মসৃণ করা। নবান্ন সূত্রে খবর, খতিয়ান তৈরির কাজ শেষ হলে আনুষ্ঠানিক ভাবে এই ব্যবস্থার সূচনা করতে পারে রাজ্য সরকার।


