Bengal Liberty : রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন পরিবারের সদস্য। এবার সেই পরিবারের একজনের হাতে সরকারি চাকরি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর এবার আবেদন গ্রহণের দিনক্ষণও চূড়ান্ত হলো। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার থেকেই রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। নবান্ন সূত্রে খবর, জেলাশাসকের দফতরে আবেদনপত্র জমা দিতে হবে। এই মর্মে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে মোট চারটি ফর্ম প্রকাশ করা হয়েছে।
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে। সেই চাকরির জন্য আবেদন করতে গেলে চারটি ফর্ম পূরণ করতে হবে। প্রথম ফর্মে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর ঘটনার বিস্তারিত বিবরণ দিতে হবে। দ্বিতীয় ফর্মে চাকরিপ্রার্থীর ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় নথির বিবরণ দিতে হবে। তিন নম্বর ফর্মটি সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ, তৃতীয় ফর্মে চাকরির আবেদনকারীকে মুচলেকা দিতে হবে যে, সরকারি চাকরি পাওয়ার পর পরিবারের ভরণপোষণের সমস্ত দায়িত্ব তিনি নেবেন। এরপর চতুর্থ ফর্মটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সই করাতে হবে। আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক—এই মর্মে যাচাই করতে হবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে।
আগামীকাল থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। নবান্ন সূত্রে খবর, জেলাশাসকের দফতরে আবেদন জমা দেওয়ার পাশাপাশি রাজ্য স্বরাষ্ট্র দফতরের ওয়েবসাইটেও সংশ্লিষ্ট ফর্মগুলি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্রে নিহত ব্যক্তি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেই তথ্য উল্লেখ করার জায়গাও রাখা হয়েছে। তবে তা বাধ্যতামূলক নয় বলেই জানা গিয়েছে।
আরও খবর
আবেদন জমা পড়ার পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলার স্ক্রিনিং বা ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি সেগুলি খতিয়ে দেখবে। এরপর তাদের সুপারিশ পাঠানো হবে রাজ্য স্বরাষ্ট্র দফতরে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই সংশ্লিষ্ট পরিবারের একজন সদস্যের চাকরির বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল বিজেপি সরকার।


