চাকরি নেই, ফর্ম ফিলাপেও টাকা তোলা! তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
চাকরি নেই, ফর্ম ফিলাপেও টাকা তোলা! তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

চাকরি নেই, ফর্ম ফিলাপেও টাকা তোলা! তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : চাকরি দেওয়ার বদলে চাকরিপ্রার্থীদের কাছ থেকেই কোটি কোটি টাকা আদায়! সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপের ফি নিয়েও এবার পূর্বতন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে বেকারত্বের জ্বালা, অন্যদিকে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিগত সরকার সুকৌশলে টাকা আদায় করেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে কোনও ফি দিতে হবে না। বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।” একইসঙ্গে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

এদিন সরকারি চাকরির পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এবং শূন্যপদের হিসাব তুলে ধরেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “একটি পরীক্ষায় শূন্যপদ রয়েছে ৯ হাজার। অথচ আবেদন করেছেন সাড়ে ৮ লক্ষ চাকরিপ্রার্থী। প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। অর্থাৎ, সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থীর কাছ থেকে মোট ৪২ কোটি ৫০ লক্ষ টাকা আদায় হয়েছে। এরপরেও তাঁদের বই কিনে পড়াশোনা করতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অথচ চাকরি পাবেন মাত্র ৯ হাজার জন! তাহলে ভাবুন, কত টাকা সরকারের ঘরে ঢুকছে!” এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষার্থীদের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন নিয়োগ বন্ধ রেখে চাকরিপ্রার্থীদের উপর আর্থিক বোঝা চাপিয়েছে পূর্বতন সরকার। এবার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি সম্পূর্ণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় যাঁদের বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের সুযোগ দিতেই অতিরিক্ত পাঁচ বছরের ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।

শুধু তাই নয়, স্নাতক ও অস্নাতক চাকরিপ্রার্থীদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আর্থিক সহায়তা দিতে পৃথক ভাতা প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। অন্যদিকে, উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে আগামী জানুয়ারি থেকে চালু হচ্ছে ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প। এই প্রকল্পে উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষায় পাঠরত যোগ্য অবিবাহিত ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রথম ও দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।