‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত’, মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ রত্না দেবনাথের
‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত’, মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ রত্না দেবনাথের

‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত’, মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ রত্না দেবনাথের

Bengal Liberty : “আমার বক্তব্যকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যবহার করে বিতর্ক তৈরি করা হচ্ছে।” এমনই দাবি করে বিবৃতি প্রকাশ করলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সম্প্রতি বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ উঠেছে ‘নব্য বিজেপি’ কর্মীদের বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে রত্না দেবনাথের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি দল ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা এবং আনুগত্যের কথাও জানিয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক।

বিবৃতিতে রত্না দেবনাথ লিখেছেন, “আমার বক্তব্যের একটি অংশকে তার মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে ভুল বার্তা পৌঁছেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত—এমন কোনও অভিপ্রায় বা মনোভাব আমার বক্তব্যে ছিল না। আমার কথার প্রকৃত অর্থকে বিকৃত করে যে ব্যাখ্যা করা হচ্ছে, তা অনভিপ্রেত।”

উল্লেখ্য, শনিবার রাতে ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা বাড়ি ফেরার পথে বাজার এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের বিবাদ দেখতে পান। প্রথমে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে বাড়ি ফিরে স্বামী অরূপ সাহাকে বিষয়টি জানান। বিবাদ মেটাতে ঘটনাস্থলে যান অরূপ। অভিযোগ, সেখানে উপস্থিত কয়েকজনকে চলে যেতে বললে এক যুবক তাঁকে বুকে জোরে ধাক্কা মারে। মাটিতে পড়ে যান অরূপ। বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। বমিও হয়। দ্রুত তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী তথা বিজেপি মণ্ডল সভাপতি রুমা সাহা। তাঁর অভিযোগ, নির্মল ঘোষের ছেলেরা ৪ মে-র পর বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরাই এই ঘটনা ঘটিয়েছেন।

এরপর মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিধায়ক রত্না দেবনাথ। সেখানেই তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। তিনি অভিযোগ করেন, ৪ মে-র পর যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরাই পানিহাটিতে দাদাগিরি ও তাণ্ডব চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রত্না দেবনাথ বলেন, “এই পরিবারের জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত, তাহলেই মনে হয় ভালো হত। এই তো এদের বাবা চলে গেল। আমার মেয়েটাও চলে গেল।”

তাঁর এই মন্তব্য ঘিরে দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়। বিরোধীরাও লাগাতার বিষয়টি তুলে ধরে বিজেপিকে আক্রমণ করে। সেই বিতর্কের আবহেই এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করলেন রত্না দেবনাথ।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি তিনি ১০০ শতাংশ আস্থাশীল। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের সমস্ত নেতৃত্বের প্রতিও তাঁর পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। দল, সংগঠন ও নেতৃত্বের প্রতি তাঁর অবস্থানের কোনও পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি। একইসঙ্গে সংবাদমাধ্যমের কাছে তাঁর বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করার আবেদন জানিয়েছেন পানিহাটির বিধায়ক। এবার রত্না দেবনাথের এই ব্যাখ্যার পর বিতর্ক কতটা প্রশমিত হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।