Bengal Liberty : ভোরের আলো ফোটার আগেই ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সটান নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। তার আগে প্রায় ১০০ মিটার গড়িয়ে যায় বাসটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসে কলকাতার কয়েক জন বাসিন্দাও ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেতু পেরনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে ধরে যাওয়ার সময় গুলার এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি সেতু পেরনোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর রাস্তার পাশের খাদ ধরে প্রায় ১০০ মিটার গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। নদীতে পড়ে যাওয়ার পরেও বাসের ভিতরে আটকে ছিলেন বেশ কয়েক জন যাত্রী। উদ্ধারকারীরা একে একে তাঁদের বের করে আনেন। আহতদের নিয়ে যাওয়া হয় ঋষিকেশ এইমসে। এখনও পর্যন্ত অন্তত ২৬ জন সেখানে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। বাসের কোনও যাত্রী নদীর জলে তলিয়ে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে একটি শোকবার্তা প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, “উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” অন্য দিকে উত্তরাখণ্ডে উদ্ধারকাজ এখনও জারি রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ে কি না, সেদিকেই নজর রয়েছে।


