Tulu Mondal
Tulu Mondal

দেশে ফিরতে না ফিরতেই ফের হাইকোর্টের দ্বারস্থ পাথর মাফিয়া টুলু মণ্ডল!

বৃহস্পতিবার টুলু মণ্ডলের হয়ে তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট টুলু মণ্ডলকে তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। একইসঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে দেশে ফেরার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে গত ১৭ নভেম্বর ভারতে ফিরেছেন টুলু। কিন্তু দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির বিষয়টি জানতে পারেন তিনি। তাই তাঁর বক্তব্য না শুনে যেন কোনও পদক্ষেপ করা না হয়, সেই আবেদন জানিয়েছেন টুলু। মামলাটির জরুরি শুনানির আর্জিও জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সব ঠিক থাকলে শুক্রবারই এই আবেদনের শুনানি হতে পারে।

উল্লেখ্য, এর আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ এবং নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। কিন্তু পুলিশ হাইকোর্টে রিপোর্ট দিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের কথা জানায়। সেই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য টুলুর আবেদন খারিজ করে দেন। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টুলু মণ্ডল। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ তাঁকে ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফিরে আসার নির্দেশ দেয়। একইসঙ্গে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই দেশে ফিরেছেন তিনি।

প্রসঙ্গত, বীরভূমের পাথর ব্যবসার সঙ্গে যুক্ত টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বাড়িতে পুলিশি তল্লাশিতে ৫০ কোটি টাকারও বেশি নগদ এবং ১৫ কেজির বেশি সোনার বাট উদ্ধার হয়েছিল বলে জানা যায়। পুলিশের দাবি, তল্লাশির আগেই গত ২৩ মে দুবাই পালিয়ে গিয়েছিলেন টুলু মণ্ডল।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।