Bengal Liberty : সুপ্রিম কোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার আগেই আইনি সুরক্ষায় তৎপর টুলু মণ্ডল। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বীরভূমের এই পাথর ব্যবসায়ী। শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল। রাজ্যের অ্যাডভোকেট আদালতে উপস্থিত না থাকায় শুনানি স্থগিত রাখা হয়েছে। আগামী ২৬ নভেম্বর মামলাটি ফের শুনবে আদালত। পাশাপাশি, টুলুর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি হয়েছে কি না, তা-ও জানতে চেয়েছে হাই কোর্ট। এর মধ্যেই শুক্রবার দুপুর ২টোয় ভবানী ভবনে হাজিরার জন্য তাঁকে তলব করেছে পুলিশ।
পিছোল মামলা
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন টুলু মণ্ডল। শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র উপস্থিত না থাকায় শুনানি সম্ভব হয়নি। আদালত আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।অন্যদিকে, টুলুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি রয়েছে কি না, তা জানতে পৃথক আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই আবেদন করা হয়েছে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত।
৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ
সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই দেশে ফিরেছেন টুলু। শীর্ষ আদালত জানিয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা অন্য তদন্তকারী সংস্থা। এর আগে ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই দেশে ফেরেন তিনি। তবে রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর কী হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে টুলুর। সেই কারণেই এফআইআর খারিজের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও খবর
ভবানী ভবনে যাবেন টুলু?
অপরদিকে সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়ির বাইরে হাজিরার নোটিস সেঁটে দেওয়া হয়েছে। গত বছর বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্তের সূত্রেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।শুক্রবার দুপুর ২টোয় ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে টুলুকে। তিনি পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজির হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের দাবি, রাজস্ব তছরুপ ও ভুয়ো ডিসিআর চক্রের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই টুলু পলাতক ছিলেন। তাঁর দুবাইয়ে থাকার সন্দেহও তৈরি হয়েছিল। একসময় ভূমি দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক টুলু পরবর্তী সময়ে পাথর ব্যবসায় প্রভাবশালী হয়ে ওঠেন। তৃণমূল জমানায় একাধিক বড় সরকারি প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।


