পরিত্যক্ত কারখানার ভিতরে কয়লার পাহাড়! বাঁকুড়ায় বিপুল পরিমাণ বেআইনি কয়লার হদিশ
পরিত্যক্ত কারখানার ভিতরে কয়লার পাহাড়! বাঁকুড়ায় বিপুল পরিমাণ বেআইনি কয়লার হদিশ

পরিত্যক্ত কারখানার ভিতরে কয়লার পাহাড়! বাঁকুড়ায় বিপুল পরিমাণ বেআইনি কয়লার হদিশ

Bengal Liberty : পরিত্যক্ত কারখানার ভিতরে থরে থরে সাজানো কয়লা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভিতরে মজুত রয়েছে হাজার হাজার টন কয়লা। বাঁকুড়ার বড়জোড়ায় এমনই এক পরিত্যক্ত কারখানায় বিপুল পরিমাণ কয়লার হদিশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এল এত কয়লা? কারা রাতের অন্ধকারে পাচার করে এখানে মজুত করেছিল এই বিপুল পরিমাণ কয়লা? গোটা ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, কারখানার পাঁচিলঘেরা চৌহদ্দির ভিতরে দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে এই কয়লা। কয়লার রং ও অবস্থা দেখে মনে করা হচ্ছে, সেগুলি বেশ পুরনো। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে আসানসোলের অজয়-দামোদর শিল্পাঞ্চলের পরিত্যক্ত কয়লাখনি থেকে এই কয়লা আনা হয়ে থাকতে পারে। এরপর রাতের অন্ধকারে বিভিন্ন কয়লাভিত্তিক কারখানায় সেগুলি পাচার করে মজুত করা হত বলে অভিযোগ স্থানীয়দের। তবে ঠিক কোথা থেকে এবং কার মাধ্যমে এই কয়লা এখানে এসে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়।

তৃণমূলের শাসনকালে রাজ্যে বেআইনি কয়লা পাচারের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সঙ্গে বড়জোড়ার এই হাজার হাজার টন কয়লার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, ওই পরিত্যক্ত কারখানায় কার অনুমতিতে এত কয়লা মজুত করা হয়েছিল, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বড়জোড়ার তৃণমূল বিধায়ক বলেন, “মানুষের কাজ করাই দলের লক্ষ্য। এই সমস্ত বিষয়ে আমাদের কোনও আগ্রহ নেই।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।