সরকারি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে! গ্রেফতার টাকি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক
সরকারি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে! গ্রেফতার টাকি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক

সরকারি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে! গ্রেফতার টাকি পুরসভার প্রাক্তন হেড ক্লার্ক

Bengal Liberty : সরকারি টাকায় হাত! পুরসভার টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেন—সব ক্ষেত্রেই কি চলত নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত? টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়। অভিযোগ, সরকারি তহবিলের বিপুল পরিমাণ টাকা জমা পড়েছিল তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু তা-ই নয়, নিজের ইচ্ছেমতো টেন্ডার পাশ করানো থেকে শুরু করে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন কাজের বরাত দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি।

উল্লেখ্য, টাকি পুরসভার দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গত ২৪ অক্টোবর পুরসভায় পৌঁছে দীর্ঘক্ষণ তদন্ত চালান তদন্তকারীরা। পুরসভার চেয়ারম্যান সৌম্যনাথ মুখোপাধ্যায়-সহ একাধিক কর্মী ও জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি।

তদন্তে উঠে আসা অভিযোগ অনুযায়ী, পুরসভার সরকারি তহবিলের লক্ষ লক্ষ টাকা প্রবীর চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। পাশাপাশি, পুরসভার বিভিন্ন টেন্ডার নিজের ইচ্ছেমতো পাশ করানো এবং নিয়মবহির্ভূতভাবে কর্মী নিয়োগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই দুর্নীতির ঘটনায় পুরসভার প্রাক্তন বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

এই মামলায় প্রাক্তন হেড ক্লার্কের গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুরসভার সরকারি অর্থ কীভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টে পৌঁছল, টেন্ডার প্রক্রিয়ায় কারা জড়িত এবং দুর্নীতির জাল কতদূর বিস্তৃত—সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালাচ্ছে সিআইডি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।