Mumbai City Vs Bengaluru FC
Mumbai City Vs Bengaluru FC

ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে জয় তুলে নিয়ে শীর্ষে ওঠার হাতছানি পেপ মুনোজের দলের সামনে!

Bengal Liberty : আন্তর্জাতিক বিরতির পর আবারও ফুটবলের মহারণে নামতে চলেছে ভারতীয় ফুটবলের দুই পরিচিত শক্তি। শুক্রবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। একদিকে দুরন্ত ছন্দে থাকা বেঙ্গালুরু এফসি, অন্যদিকে মরশুমের প্রথম জয়ের সন্ধানে থাকা মুম্বই সিটি। দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। তবে ঘরের মাঠে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করাই এখন মূল লক্ষ্য থাকবে পেপ মুনোজের দলের।

চলতি আইএসএলে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে বেঙ্গালুরু এফসি। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় এবং একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে এফসি গোয়াকে ২-১ গোলে পরাস্ত করে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছে সুনীল ছেত্রীরা। অন্যদিকে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলের জয়ও দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

তবে এখানেই থেমে থাকতে চাইবে না বেঙ্গালুরু। এই ম্যাচে তিন পয়েন্ট অর্জন করতে পারলেই লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসার সুযোগ রয়েছে তাদের সামনে। ফলে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য থাকবে পেপ মুনোজের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানের দিকে নজর রাখলে কিছুটা এগিয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। এখনও পর্যন্ত আইএসএলে দুই দল মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১০টি ম্যাচে জয় পেয়েছে মুম্বই, বেঙ্গালুরুর ঝুলিতে রয়েছে ৭টি জয়। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।

তবে অতীতের পরিসংখ্যানের পাশাপাশি বর্তমান ফর্মও যে ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। ফলে শুক্রবারের ম্যাচে দুই দলের লড়াই যে যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই যায়।

শুক্রবার, ২০ নভেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনিলিভে দেখা যাবে ম্যাচটি। পাশাপাশি ইউটিউবেও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে একদিকে শীর্ষস্থান দখলের স্বপ্ন, অন্যদিকে নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর লড়াই। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত শুক্রবারের ফুটবল যুদ্ধে হাসি ফোটে কার মুখে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।