Bengal Liberty : ভারতীয় ফুটবলে ফের এক সুখবর! টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শুক্রবার আয়োজক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করল ব্লু কোল্টসরা। অপরাজিত থেকেই যোগ্যতা অর্জন পর্বের অভিযান শেষ করল ভারতের তরুণ ফুটবলাররা।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ‘ই’-তে ভারতের সঙ্গে ছিল মালয়েশিয়া, প্যালেস্টাইন, সিঙ্গাপুর ও গুয়াম। শুরু থেকেই দুরন্ত ফুটবল উপহার দেয় ভারতের তরুণ দল। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করে ভারত। এরপর গুয়ামের বিরুদ্ধে ১২-০ গোলের বিশাল জয় তুলে নেয় ব্লু কোল্টসরা। তৃতীয় ম্যাচে প্যালেস্টাইনকে ৪-১ গোলে পরাজিত করে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করে ভারত।
তিন ম্যাচে তিনটি জয় নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ভারতের সামনে শেষ ম্যাচে ছিল আয়োজক মালয়েশিয়া। মূলপর্বে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে অন্তত একটি ড্র প্রয়োজন ছিল ভারতের। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেই সেই লক্ষ্য পূরণ করল মেহরাজউদ্দিন ওয়াডুর প্রশিক্ষণাধীন দল। ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-র শীর্ষস্থান নিশ্চিত করে ভারত।
আরও খবর
উল্লেখ্য, ২০২৭ সালের ১২ থেকে ২৯ মে উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্ব। এর আগে ২০২৬ সালের সংস্করণেও যোগ্যতা অর্জন করেছিল ভারত। ফলে পরপর দু’বার এশিয়ার এই বয়সভিত্তিক প্রতিযোগিতার মূলপর্বে জায়গা করে নিয়ে নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য আশার আলো দেখালেন তরুণ ফুটবলাররা।


