এশিয়া কাপে ভারতের জোড়া শতরান সঙ্গে বড় জয়! মাত্র ২৬ রানে ঘুটিয়ে গেল নেপাল!
এশিয়া কাপে ভারতের জোড়া শতরান সঙ্গে বড় জয়! মাত্র ২৬ রানে ঘুটিয়ে গেল নেপাল!

এশিয়া কাপে ভারতের জোড়া শতরান, সঙ্গে বড় জয়! মাত্র ২৬ রানেই অলআউট নেপাল!

Bengal Liberty : রাইজিং স্টারস এশিয়া কাপে কার্যত একপ্রকার ইতিহাস তৈরি করল ভারতীয় এ দল। টুর্নামেন্টের মঞ্চে নেপালের বিরুদ্ধে এক অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিলেন তিলক বর্মারা। ব্যাট হাতে পাহাড়প্রমাণ রান তোলার পর বল হাতেও নেপালকে কার্যত ধ্বংস করে দিল ভারত। যার ফলে ৩০৬ রানের বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারত এ।

শুক্রবার দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এ ও নেপাল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। কিন্তু সেই সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত তাদের কাছে এতটা ভয়াবহ হয়ে উঠবে, তা হয়তো কল্পনাও করতে পারেনি নেপাল শিবির।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতীয় দলের। মাত্র ৪২ রানের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক তিলক বর্মা ও কুমার কুশাগ্র। দুজনের দুরন্ত শতরানের ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। তিলক ১০৭ রান এবং কুমার কুশাগ্র ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁদের এই অনবদ্য পার্টনারশিপের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে ভারত এ।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে নেপাল। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ভারতীয় পেসারদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৬ রানেই অলআউট হয়ে যায় গোটা দল। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন প্রিন্স যাদব ও হর্ষিত রানা। প্রিন্স মাত্র ৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। অন্যদিকে হর্ষিত রানাও গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। সব মিলিয়ে ব্যাট ও বল দুই বিভাগেই দাপট দেখিয়ে ৩০৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত এ। রাইজিং স্টারস এশিয়া কাপে এমন দুর্দান্ত জয় নিঃসন্দেহে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।