Bengal Liberty : কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ির ভেতর থেকে উদ্ধার হল ২৫ বছর বয়সী তুষার শর্মা নামে এক ভারতীয় যুবকের মৃতদেহ। বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। মৃত যুবক সারে শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ ল্যাংলির রলিনসন ক্রিসেন্ট এলাকায় একটি গাড়ি জ্বলছে বলে তারা খবর পায়। সঙ্গে সঙ্গেই ল্যাংলি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। আগুন নেভানোর সময় গাড়ির ভেতর মানুষের দেহাবশেষ দেখতে পান তারা। পরে দেহটি তুষার শর্মার বলে জানা যায়। এরপরই এটিকে পরিকল্পিত খুন বলে অনুমান পুলিশের। এই নিয়ে তদন্ত শুরু করেছে ক্যানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। তদন্তকারীরা তুষার শর্মার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ পুনর্গঠনের চেষ্টা করছেন। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, অথবা অন্য কোনও কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া, এই অপরাধের সঙ্গে কতজন জড়িত ছিল এবং কেন গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ওই যুবককে অন্য কোথাও খুন করা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তাঁরা। খুনের পরে গাড়িতে আগুন লাগিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা হয়ে থাকতে বলেও সন্দেহ করছেন তদন্তকারী আধিকারিকরা। আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন আধিকারিকরা।


