তিন মাস পরেও নিখোঁজ শর্মিষ্ঠা! স্ত্রীর ফেরার অপেক্ষায় নিখোঁজ বিজ্ঞপ্তি মুকুলপুত্র শুভ্রাংশুর
তিন মাস পরেও নিখোঁজ শর্মিষ্ঠা! স্ত্রীর ফেরার অপেক্ষায় নিখোঁজ বিজ্ঞপ্তি মুকুলপুত্র শুভ্রাংশুর

তিন মাস পরেও নিখোঁজ শর্মিষ্ঠা! স্ত্রীর ফেরার অপেক্ষায় নিখোঁজ বিজ্ঞপ্তি মুকুলপুত্র শুভ্রাংশুর

Bengal Liberty : মানসরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ স্ত্রী। তিন মাস পেরিয়েও মেলেনি কোনও সন্ধান। আজও স্ত্রীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের স্বামী শুভ্রাংশু রায় এবং তাঁদের দুই সন্তান। এবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন শুভ্রাংশু। স্ত্রীর খোঁজ পেতে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিখোঁজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শুভ্রাংশু। সেখানে শর্মিষ্ঠা ভৌমিক রায়কে ভারতীয় নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শেষবার ২৬ অগস্ট ২০২৬ সকাল ৮টা ৪৫ মিনিটে নেপাল সীমান্ত সংলগ্ন তিব্বতের গিয়েরং বন্দরে তাঁকে দেখা গিয়েছিল। তাঁর শেষ অবস্থান ছিল শুভম গেস্ট হাউস। যাত্রার দায়িত্বে ছিল ভারতীয় পর্যটন সংস্থা ‘চলো যাই’। শর্মিষ্ঠার বিষয়ে কোনও তথ্য জানা থাকলে নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ অগস্ট মানসরোবর দর্শনের উদ্দেশ্যে কলকাতার পর্যটন সংস্থা ‘চলো যাই’-এর সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। কিন্তু সেই যাত্রাই যে এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হবে, তা ভাবতেও পারেননি কেউ। ২৬ অগস্ট সকালে নেপালের রাসুয়া জেলার ভোটে কোশি নদীতে ভয়াবহ হড়পা বান আছড়ে পড়ে। তিব্বতের দিক থেকে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় ঘরবাড়ি, যানবাহন, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্প। বিশেষ করে তিমুরে ও স্যাপ্রু বেসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই বিপর্যয়ে নিখোঁজের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে দাবি করা হয়। তাঁদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় ছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া হড়পা বানের ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন মানুষ। সেই বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ শর্মিষ্ঠা।

ঘটনার পর দীর্ঘ তিন মাস কেটে গেলেও এখনও তাঁর কোনও সন্ধান মেলেনি। পরিবারের তরফে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পর্যটন সংস্থার সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন শুভ্রাংশু। পরিবার সূত্রে খবর, এখনও আশা ছাড়েনি পরিবার। দুই সন্তানও অপেক্ষায় রয়েছে মায়ের ফিরে আসার। শুভ্রাংশুর বন্ধু-বান্ধবদের সূত্রেও জানা গিয়েছে, শর্মিষ্ঠার খোঁজ পাওয়ার আশায় এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবার। স্ত্রীর খোঁজে এখনও আশায় বুক বেঁধে রয়েছেন শুভ্রাংশু।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।