Bengal Liberty : চার দিনের চেষ্টায় সাময়িকভাবে জল সরবরাহ স্বাভাবিক করা গেলেও টালার শতাব্দীপ্রাচীন পাইপলাইন নিয়ে দুশ্চিন্তা কাটেনি কলকাতা পুরসভার। পলতা থেকে টালায় জল আনার ৭২ ইঞ্চি ব্যাসের মূল লোহার পাইপের স্থায়ী মেরামতিতে এবার পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল পুরসভা। কমিটিতে রয়েছেন পানীয় জল সরবরাহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শীর্ষ আধিকারিক, যাদবপুরের বিশেষজ্ঞ অধ্যাপক এবং পুরসভার স্পেশাল কমিশনার। পূর্ব রেলের কাছ থেকে কাজের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলেই জরুরি বৈঠকে বসেন কমিটির সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী শনিবার থেকেই ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ শুরু হবে। তবে এই বিপর্যয় পুরসভার সামনে আরও একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে-শতাব্দীপ্রাচীন জল সরবরাহ ব্যবস্থাকে কীভাবে আধুনিক ও সংস্কারযোগ্য করে তোলা যায়?
আপাতত ভরসা ৪৮ ইঞ্চির বাইপাস
পুরকমিশনার স্মিতা পান্ডের উদ্যোগে গঠিত পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন পানীয় জল সরবরাহ বিভাগের দুই প্রাক্তন ডিজি বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন বর্তমান ডিজি রিহান সান্যাল, যাদবপুরের বিশেষজ্ঞ অধ্যাপক গোকুল মণ্ডল এবং পুরসভার স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। পূর্ব রেলের সঙ্গে যৌথ আলোচনার পর রেললাইনের নীচে থাকা পাইপ মেরামতের অনুমতি মেলে। এরপরই বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসে বিশেষজ্ঞ কমিটি। সেখানে সিদ্ধান্ত হয়, শনিবার থেকে বন্ধ থাকা ৭২ ইঞ্চি পাইপের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হবে।
সংস্কার নিয়ে বাড়ছে উদ্বেগ
টালার পাইপ বিপর্যয় পুরসভার সামনে পুরনো জল সরবরাহ পরিকাঠামোর বেহাল দশাও সামনে এনেছে। ১০৭ বছরের পুরনো এই পাইপলাইন কীভাবে সংস্কার করা হবে, ভবিষ্যতে কীভাবে এমন বিপর্যয় এড়ানো যাবে, তা নিয়ে চিন্তিত পুরসভার ইঞ্জিনিয়াররা। সমস্যা শুধু বড় পাইপে নয়। কলকাতার অলিগলি জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট ও মাঝারি জল সরবরাহের লাইনের সঠিক তথ্যও পুরসভার কাছে নেই। বড় পাইপগুলির কিছু অংশের ডিজিটাল মানচিত্র থাকলেও পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা বহু লাইনের অবস্থান, সংযোগ ও পরিকাঠামো সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় না। অভিযোগ, বিভিন্ন সময়ে স্থানীয় চাহিদা ও রাজনৈতিক বিবেচনায় কাউন্সিলরদের উদ্যোগে একাধিক এলাকায় নতুন পাইপলাইন বসানো হয়েছে। কিন্তু সেই সমস্ত লাইনের পূর্ণাঙ্গ নথি বা মানচিত্র তৈরি হয়নি।
আরও খবর
এর পাশাপাশি উত্তর ও মধ্য কলকাতার বহু এলাকায় দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো জল সরবরাহের পাইপলাইনও জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে একটি পাইপ ফেটে যাওয়ার ঘটনা থেকেই গোটা জল সরবরাহ ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞ কমিটির নজরদারিতে আপাতত টালার ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতির কাজ শুরু হলেও, পুরনো পরিকাঠামোর দীর্ঘমেয়াদি সংস্কার এবং অজানা পাইপলাইনগুলির পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করাই আগামী দিনে কলকাতা পুরসভার বড় চ্যালেঞ্জ।


