Bengal Liberty : কার্তিক পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারালেন এক বিজেপি নেতা। বৃহস্পতিবার গভীর রাতে মালদহের হবিবপুর থানার ঋষিপুরের চাঁদপুরে এই ঘটনা ঘটে। অভিযোগ, মদ্যপ কয়েকজন যুবকের মধ্যে ঝামেলা চলাকালীন তা থামাতে এগিয়ে যান বিজেপি নেতা চন্দন মণ্ডল (৪৫)। সেই সময় এক মত্ত যুবক তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মৃতের পরিবার ও বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে তৃণমূলের মদত রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা
মৃত চন্দন মণ্ডল ঋষিপুর অঞ্চলে বিজেপির মণ্ডল সহ-সভাপতি ছিলেন। কার্তিক পুজো উপলক্ষে ঋষিপুরের চাঁদপুরে একটি মেলার আয়োজন করা হয়েছিল। মেলার দায়িত্বেও ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে আচমকাই মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জেনারেটর চালানোকে কেন্দ্র করে কয়েকজন মদ্যপ যুবকের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এবং বিবাদ থামাতে এগিয়ে যান চন্দন। অভিযোগ, সেই সময় ওই যুবকদের মধ্যে একজন তাঁর উপর চড়াও হয়। তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খুনের অভিযোগে রাজনৈতিক চাপানউতোর
ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, চন্দনের মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে তাঁর পরিবার ও বিজেপি। মৃতের স্ত্রীর অভিযোগ, স্বামীকে খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কানাই চৌধুরী জড়িত। ঘটনার সঠিক তদন্ত এবং স্বামীর মৃত্যুর বিচার দাবি করেছেন তিনি। বিজেপির তরফেও এই ঘটনায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


