Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেকের মন্তব্যে ভর্ৎসনা করলেও, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

ক্ষমতায় থাকাকালীন বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে একাধিকবার প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এমন মন্তব্য ঘিরে বারবার সরব হয়েছে তৎকালীন বিরোধী শিবির। রাজনৈতিক পালাবদলের পরেও বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের অবস্থানে বিশেষ পরিবর্তন হয়নি। দিন কয়েক আগেই বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে অভিষেক বলেন, “বিচার ব্যবস্থার একাংশ নীরব দর্শক। ওরা চাইছে বিরোধীরা মারা যাক। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের জন্যই বিজেপি এভাবে তাণ্ডবলীলা চালাচ্ছে।”

শুক্রবার ডিজে মামলার শুনানিতে অভিষেকের সেই মন্তব্যের প্রসঙ্গ ওঠে। তাঁর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আপনার মক্কেল অকারণ সমস্যা বাড়াচ্ছেন। সাংসদের এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে?” বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক। গোটা ঘটনাকে অনভিপ্রেত বলেও মন্তব্য করে আদালত। তবে বিচারপতির তিরস্কারের পরেও ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচ বহাল রয়েছে। তার মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গত ১৫ মে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। নির্বাচনী প্রচারে অভিষেক বলেছিলেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ডিজে এমন জোরে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ৬ নভেম্বর পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল। এবার সেই মেয়াদ বেড়ে হল ২০২৭ সালের ২৯ জানুয়ারি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।