Bengal Liberty : প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে জাতীয় স্তরে সম্মান পেল পশ্চিমবঙ্গ। দুর্গাপুরের সাফল্যের হাত ধরেই এই স্বীকৃতি এল রাজ্যের ঝুলিতে। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে সেই পুরস্কার গ্রহণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে জাতীয় সম্মান গ্রহণেই থেমে থাকলেন না তিনি। রাজ্যের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করতে একাধিক নতুন পরিকল্পনার কথাও ঘোষণা করলেন। আধুনিক ই-কার্ট থেকে ইন্দোরের ধাঁচে সুসংগঠিত ফুড স্টল, হকারদের ব্যবসায় নতুন দিশা দেখাতে চাইছে রাজ্য সরকার।
বাংলার অগ্রগতির কথা তুলে ধরলেন অগ্নিমিত্রা
শুক্রবার নয়াদিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জাতীয় সম্মান গ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও এবং সিকিমের নগরোন্নয়ন মন্ত্রী ভোজরাজ রাই। পুরস্কার গ্রহণের পর রাজ্যের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন পুরমন্ত্রী। তাঁর বক্তব্য, এত দিন ছত্তিশগড় ও সিকিমের মতো রাজ্যগুলি নিয়মিত কেন্দ্রীয় স্তরে পুরস্কার পেত। এ বার সেই তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গও। তারকেশ্বরের জন্য সম্প্রতি স্বচ্ছতা সংক্রান্ত রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এ বার দুর্গাপুরের সাফল্যের জন্য মিলল প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সম্মান।
হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে পিএম স্বনিধি
রাস্তার ধারের হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করাই প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মূল উদ্দেশ্য। যাঁদের স্থায়ী দোকান নেই, অথচ ছোট ব্যবসার মাধ্যমে সংসার চলে, তাঁরাই এই প্রকল্পের প্রধান সুবিধাভোগী। জামাকাপড় বিক্রেতা, জুতো সারাইয়ের কারিগর, নাপিত থেকে ফুচকা বিক্রেতা-সকলেই এই ঋণের সুবিধা পেতে পারেন। প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এক বছরের মধ্যে সেই ঋণ শোধ করতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫ হাজার টাকা পাওয়া যায়। সেই ঋণ ১৮ মাসের মধ্যে পরিশোধ করলে তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে। এই অর্থ দিয়ে ব্যবসার উন্নতি, দোকান সাজানো কিংবা প্রয়োজনীয় সরঞ্জাম কেনা সম্ভব। পাশাপাশি প্রকল্পে নাম নথিভুক্ত করলে কেন্দ্রের আরও পাঁচ-ছ’টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকে।
আরও খবর
এ দিন এই প্রকল্পের প্রসঙ্গেই রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে বাংলার হকাররা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার রাজ্যের প্রতিটি পুরসভা ও পুরনিগমে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প পৌঁছে দিতে চায়। অগ্নিমিত্রার কথায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার রাজ্যের সর্বত্র এই প্রকল্প কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
হকারদের হাতে আধুনিক ই-কার্ট দেওয়ার পরিকল্পনা
হকারদের শুধু ঋণের সুবিধা দেওয়াই নয়, তাঁদের ব্যবসার মান ও পরিকাঠামোর উন্নয়নেও জোর দিতে চাইছে রাজ্য সরকার। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাস্তার ধারের খাবার বিক্রেতাদের উপর। তাঁদের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া-এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। খাবার তৈরি ও পরিবেশনের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, হাতে ও মাথায় গ্লাভস ব্যবহার এবং আলাদা আলাদা ডাস্টবিন রাখার মতো বিষয় শেখানো হবে। প্রশিক্ষণের মাধ্যমে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হবে বিক্রেতাদের। এর পর তাঁদের জন্য ইন্দোরের ধাঁচে সুসংগঠিত ফুড স্টল তৈরির পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি খাদ্য বিক্রেতাদের হাতে আধুনিক ই-কার্ট তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর লক্ষ্য, হকাররা যাতে আরও পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে নিজেদের পণ্য বিক্রি করতে পারেন এবং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং সাধারণ মানুষের সহযোগিতায় বাংলার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মনির্ভর করে তোলার এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার।


