Nabanna
নতুন স্বাস্থ্য জেলায় ২৫টি স্থায়ী পদ

নতুন স্বাস্থ্য জেলায় ২৫টি স্থায়ী পদ

Bengal Liberty : নতুন পাঁচটি স্বাস্থ্য জেলার প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত করতে ২৫টি স্থায়ী পদ সৃষ্টির অনুমোদন দিল রাজ্য সরকার। নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, রামপুরহাট, বসিরহাট এবং বিষ্ণুপুর-এই পাঁচটি স্বাস্থ্য জেলার প্রতিটিতে পাঁচটি করে মোট ২৫টি স্থায়ী পদ তৈরি করা হচ্ছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন আয়ুষ বিভাগ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি স্বাস্থ্য জেলায় একজন জেলা মেডিকেল অফিসার (আয়ুষ), একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং দু’জন গ্রুপ-ডি কর্মীর পদ তৈরি করা হয়েছে।

অর্থাৎ, পাঁচটি স্বাস্থ্য জেলা মিলিয়ে জেলা মেডিক্যাল অফিসার (আয়ুষ) পদে পাঁচটি, অ্যাকাউন্ট্যান্ট পদে পাঁচটি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচটি এবং গ্রুপ-ডি পদে ১০টি পদ সৃষ্টি হচ্ছে। নতুন স্বাস্থ্য জেলাগুলির দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম পরিচালনা, হিসাবরক্ষণ এবং দফতরের পরিষেবা সচল রাখতে প্রয়োজনীয় কর্মী কাঠামো গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

প্রশাসনিক মহলের মতে, স্থায়ী কর্মী নিয়োগের সুযোগ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট স্বাস্থ্য জেলাগুলির কাজের গতি ও দক্ষতা বাড়বে। উল্লেখ্য, এই পদ সৃষ্টির ক্ষেত্রে অর্থ দপ্তরের সম্মতি এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অর্থ দপ্তরের সম্মতি মেলার পর ২৯ অক্টোবর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যায়। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর রাজ্যপালের সম্মতিক্রমে ২০ নভেম্বর আয়ুষ দপ্তর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে। প্রশাসনিক পরিকাঠামোর ঘাটতি মেটানো এবং নতুন স্বাস্থ্য জেলাগুলিকে কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে এই ২৫টি স্থায়ী পদ সৃষ্টির সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।