Congress
‘অনিবার্য পরিস্থিতি’ কী? ভোটার তালিকা সংশোধন স্থগিত নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে কংগ্রেসের ১০ দফা প্রশ্ন

‘অনিবার্য পরিস্থিতি’ কী? ভোটার তালিকা সংশোধন স্থগিত নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে কংগ্রেসের ১০ দফা প্রশ্ন

Bengal Liberty : ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন (SSR) স্থগিত হওয়া নিয়ে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একাধিক প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। শুক্রবার, ২০ নভেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়ে SSR স্থগিত করার নির্দিষ্ট কারণ প্রকাশের দাবি জানাল প্রদেশ কংগ্রেস। পাশাপাশি, এই সিদ্ধান্তের ফলে যোগ্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনও সমস্যা তৈরি হবে কি না, তা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৫ অক্টোবর নির্বাচন কমিশন ২০২৭ সালের SSR-এর জন্য ১ জানুয়ারি ২০২৭-কে যোগ্যতার তারিখ ধরে কর্মসূচি ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে দুর্গাপুজোর কারণে ২৮ অক্টোবর সেই কর্মসূচি সংশোধন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সংশোধিত সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ এবং ১৬ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল।

কিন্তু ২০ নভেম্বর একটি প্রেস নোট জারি করে জানানো হয়, ‘অনিবার্য পরিস্থিতির’ কারণে ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা SSR স্থগিত করা হচ্ছে। পরবর্তী সংশোধিত সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। কংগ্রেসের প্রশ্ন, ২৮ অক্টোবর সংশোধিত কর্মসূচি ঘোষণার পর এমন কী পরিস্থিতি তৈরি হল, যার কারণে ফের গোটা প্রক্রিয়া স্থগিত করতে হল?

চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, নাকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে নেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে সিদ্ধান্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট নির্দেশ বা অনুমোদনের নম্বর ও তারিখ প্রকাশের দাবিও জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি, জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে কোনও রিপোর্ট, সুপারিশ বা স্থগিতের আবেদন এসেছিল কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

SSR স্থগিতের ফলে নতুন ভোটার, ১ জানুয়ারি ২০২৭-এ ১৮ বছর পূর্ণ করতে চলা তরুণ, পরবর্তী যোগ্যতার তারিখগুলিতে ভোটার হওয়ার যোগ্য নাগরিক, পরিযায়ী শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।

চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি ভোটারদের নাম সংযোজন, সংশোধন, স্থানান্তর এবং আপত্তির মতো আবেদনগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা জরুরি। SSR স্থগিত হওয়ার কারণে চলমান আপডেট প্রক্রিয়ায় থাকা আবেদনগুলিও যাতে দীর্ঘদিন ঝুলে না থাকে, সে বিষয়ে স্পষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছে তারা।

এখানেই শেষ নয়। আসন্ন কলকাতা পুরসভা এবং অন্যান্য পুরসভা নির্বাচনেও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। তাদের বক্তব্য, SSR পিছিয়ে গেলে যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের সুযোগ ব্যাহত হতে পারে। ফলে ভবিষ্যতের পুরভোটে তাঁদের অংশগ্রহণ নিয়েও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে কংগ্রেসের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—SSR স্থগিতের নির্দিষ্ট কারণ প্রকাশ, নির্বাচন কমিশনের অনুমোদন বা নির্দেশের তথ্য প্রকাশ, দ্রুত সংশোধিত সূচি ঘোষণা, যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত রাখা, চলমান আবেদনগুলির সময়বদ্ধ নিষ্পত্তি, ফর্ম ৬, ৬এ, ৭ ও ৮-এর মাধ্যমে আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখা এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করা। একই সঙ্গে সংবাদমাধ্যম ও সরকারি প্রচারমাধ্যমে সংশোধিত কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের দাবিও জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।