Bengal Liberty : মার্কিন মুলুকে পড়াশোনা শেষে সপ্তাহখানেক হল চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তেলেঙ্গানার যুবকের। নিউ ইয়র্কের রাস্তায় এক হরিণকে ধাক্কা দেওয়ার পর মালবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে কানাজোহারির কাছে হাইওয়েতে। ২৫ বছর বয়সি মৃ*ত ওই যুবকের নাম ইরামাল্লা সাই তেজা। তিনি তেলেঙ্গানার নালগোন্ডা জেলার বাসিন্দা বলে নিউ ইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, হাইওয়েতে গাড়ি চালানোর ঙসময় একটি হরিণ হঠাৎ রাস্তা পার হওয়ার সময় তাঁর গাড়ির সামনে এসে পড়ে। হরিণটির সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারায় তেজার গাড়ি। সেই সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তেজার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এই অবস্থায় আরও দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা খায়। ভয়ংকর সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় তেজা। তাঁকে উদ্ধার করে দ্রুত সেন্ট মেরিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় মৃতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
পরিবারের তরফে জানানো হয়েছে, আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করার পর এক সপ্তাহ হল চাকরি পেয়েছিলেন তেজা। আর এরই মধ্যে দুর্ঘটনায় ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। নিউ ইয়র্ক পুলিশ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তেজার দেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।


