Indranil Sen
Indranil Sen

নতুন ব্যাঙ্ক লেনদেনের হদিশ, জেলে গিয়ে ইন্দ্রনীলকে জেরা করতে চায় পুলিশ

শনিবার ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় ইন্দ্রনীল সেনকে। শুনানিতে সরকারি আইনজীবী জানান, তদন্তের অগ্রগতিতে নতুন কিছু আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে জেলে গিয়ে ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য আদালতের কাছে অনুমতিও চেয়েছেন তদন্তকারীরা।এদিকে, ইন্দ্রনীল সেনকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল আদালত। শনিবার তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল জেল হেফাজতে বাড়ির রান্না করা খাবার দেওয়ার আবেদন জানান।

উল্লেখ্য, দুর্গাপুজোর প্রিভিউ পাস দুর্নীতি মামলার তদন্তে নেমে এর আগে ২৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল পুলিশ। সেই অ্যাকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবার নতুন করে আরও কয়েকটি আর্থিক লেনদেনের সূত্র সামনে এসেছে। পুলিশের অনুমান, দুর্নীতির টাকা লেনদেনের জন্য শুধু ওই ২৭টি অ্যাকাউন্টই ব্যবহার করা হয়নি। এর পিছনে আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে। সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে টাকা লেনদেন হয়েছে, তা জানতে ইন্দ্রনীলকে জেরা করতে চান তদন্তকারীরা।

দুর্গাপুজোর প্রিভিউ পাস বিক্রিকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। অভিযোগ, প্রতিটি প্রিভিউ পাস ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ওই পাসে ইউনেসকোর লোগো ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ। এই উদ্যোগের জন্য মোট ২৪টি পুজোকে বেছে নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, পাস বিক্রির টাকা কোন কোন অ্যাকাউন্টে জমা পড়েছিল এবং পরে সেই টাকা কোথায় পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নতুন আর্থিক লেনদেনের তথ্য সামনে আসায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে। সেই সূত্র ধরেই এবার জেল হেফাজতে ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।