ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড, ৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ আরও ৫০
ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড, ৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ আরও ৫০

ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ আরও ৫০

Bengal Liberty : : ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডের জেরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। দুর্ঘটনার সময় কারখানায় থাকা ৫০ জন শ্রমিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সেরং রিজেন্সির চিকান্দে এলাকায়। আগুন এতটাই বিধ্বংসী আকার ধারণ করে যে, রবিবার পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তিনতলা কারখানাটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের তীব্রতায় ভবনের ছাদ ও বিভিন্ন কাঠামো ধসে পড়ে। কারখানার ভেতরে থাকা যন্ত্রপাতি ও উৎপাদনসামগ্রীর বড় অংশ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৭টি দেহ উদ্ধার করা হয়েছে। তবেন দেহগুলি এতটাই বীভৎসভাবে পুড়ে গিয়েছে যে তা চিহ্নিত করা কার্যত অসম্ভব। দেহ শনাক্তের প্রক্রিয়া দ্রুত চালাতে নিখোঁজ শ্রমিকদের আত্মীয়দের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর কারখানার মালিক বলেন, দিনের শিফটে শনিবার প্রায় ৩০০ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যেই ৫০ জনের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে সংস্থা এবং সম্ভাব্য সব সাহায্য করা হবে।

কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে কয়েকজন বেঁচে যাওয়া শ্রমিকের মতে, কারখানার তৃতীয় তলায় থাকা একটি কুলিং ইউনিটের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।