Weather Alert
Weather Alert

হঠাৎ বদলাচ্ছে বাংলার আবহাওয়া! সপ্তাহের শুরুতেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীত?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহের প্রথম দিনেই আকাশের মুখভার থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় আকভানের অবশিষ্টাংশ ইতিমধ্যেই দুর্বল হয়ে নিষ্ক্রিয় হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর এর আর কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী দু’দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।

তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে। রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশ করতে শুরু করবে। এর জেরে গোটা রাজ্যেই রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে ফের শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। অর্থাৎ, পাহাড়ের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর স্বাভাবিকই থাকবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।