Abhishek Banerjee
তিন মামলায় স্বস্তি অভিষেকের

তিন মামলায় অভিষেকের স্বস্তি, রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট

কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত ২৫ আগস্ট এই তিন মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। সোমবার সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল আদালত। এ দিন মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, তদন্ত এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্তের রিপোর্টও আদালতে জমা দেয় রাজ্য। পাশাপাশি অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী। তবে সব দিক বিবেচনা করে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দেয় আদালত। তবে এই রক্ষাকবচের পাশাপাশি তদন্তে সহযোগিতার শর্তও বহাল রেখেছে আদালত। তদন্তকারী সংস্থা ডাকলে অভিষেককে হাজিরা দিতে হবে। সেক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস দিতে হবে। অভিষেক তদন্তে সহযোগিতা না করলে রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে।

অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তদন্ত চলছে। এই মামলাতেও তাঁর রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। ফলে আপাতত এই মামলাতেও তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয় বলে জানা গিয়েছে। পুলিশের দায়ের করা এফআইআরগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাগুলির মধ্যেই কয়েকটিতে রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। এবার সেই সুরক্ষার মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।