এটিএম ভেঙে প্রায় ১৭ লক্ষ টাকা লুট! চাঞ্চল্য খড়দায়, তদন্তে পুলিশ
এটিএম ভেঙে প্রায় ১৭ লক্ষ টাকা লুট! চাঞ্চল্য খড়দায়, তদন্তে পুলিশ

এটিএম ভেঙে প্রায় ১৭ লক্ষ টাকা লুট! চাঞ্চল্য খড়দায়, তদন্তে পুলিশ

Bengal Liberty : খড়দার বন্দিপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এটিএম ভেঙে বিপুল পরিমাণ টাকা লুটের অভিযোগ উঠল। এটিএমের ভিতরে ঢুকে শাটার বন্ধ করে প্রায় ১৬ লক্ষ ৯২ হাজার টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লুটের ঘটনায় তিন দুষ্কৃতী জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাতের দিকে এটিএমের শাটার নামানো ছিল। সেই সুযোগে শাটার তুলে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর ভিতর থেকে শাটার বন্ধ করে এটিএম ভেঙে টাকা বের করে নেয় তারা। অভিযোগ, প্রায় ১৬ লক্ষ ৯২ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উল্লেখযোগ্য বিষয় হল, ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী থাকতেন না। ফলে এটিএমের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই লুটের ঘটনায় তিন দুষ্কৃতী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। শুধু তা-ই নয়, দুষ্কৃতীরা এটিএমের বাইরের সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বলে জানা গিয়েছে। তবে আশপাশের রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে, একের পর এক এটিএমে দুষ্কৃতীদের হানার অভিযোগ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কেন বন্দিপুরের ওই এসবিআই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন না, তা নিয়েও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এটিএমে কীভাবে লুটের ঘটনা ঘটল, দুষ্কৃতীরা কতক্ষণ সেখানে ছিল এবং ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, লুট হওয়া টাকা উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে তদন্ত চালানো হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।