বিজেপি নেতা খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার অভিযান! ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
বিজেপি নেতা খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার অভিযান! ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

বিজেপি নেতা খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার অভিযান! ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

Bengal Liberty : বিজেপি নেতা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার অভিযান চালাল প্রশাসন। সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুরের জব্বর পল্লিতে খুনের মামলার মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, খুনের মামলার সঙ্গে এই পদক্ষেপের কোনও সম্পর্ক নেই। বৈধ অনুমতি ছাড়াই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। সেই কারণেই নিয়ম মেনে ভাঙার কাজ হয়েছে। তবে বিজেপি বিধায়কের কড়া হুঁশিয়ারির মাত্র এক সপ্তাহের মধ্যেই এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে, বাড়ি ভেঙে দেওয়ায় কার্যত খোলা আকাশের নীচে আশ্রয় নিতে হয়েছে পরিবারের সদস্যদের। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।

উল্লেখ্য, চলতি মাসের ১০ নভেম্বর রাতে দুর্গাপুর-ফরিদপুরের জব্বর পল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাস। অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। তদন্তে নেমে বিজয় নন্দী, অজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে বিজয় নন্দীকেই মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে।

বিজেপি নেতা খুনের ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর বক্তব্য ছিল, খুনের সঙ্গে জড়িতদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেই হুঁশিয়ারির পরই অভিযুক্তের বাড়িতে প্রশাসনের বুলডোজার অভিযান নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

সোমবার দুপুরে বিজয় নন্দীর বাড়িতে বুলডোজার নিয়ে হাজির হন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়িটি নির্মাণের ক্ষেত্রে বৈধ অনুমতি না থাকার অভিযোগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে আগেই নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই নোটিশের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি প্রশাসনের।

এরপর দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে নিয়ে যাওয়া হয় বুলডোজার। পুলিশের উপস্থিতিতে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। কিছুক্ষণের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটির একাংশ। পরে ভাঙার কাজ সম্পন্ন করে প্রশাসন।

এ প্রসঙ্গে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগী বলেন, “সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হয়েছিল। কোনও নথি দেখাতে পারেননি। সেই কারণেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে।”

এদিকে, চোখের সামনে বসতবাড়ি ভেঙে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্তের পরিবারের সদস্যরা। মাথার উপর থেকে ছাদ হারিয়ে তাঁরা কার্যত অসহায় অবস্থায় পড়েছেন। বাড়ি ভেঙে দেওয়ার পর কোথায় আশ্রয় নেবেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিবারের সদস্যদের কান্না এবং অসহায় পরিস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

তবে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে বুলডোজার অভিযানের সময় নিয়ে। বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই খুনের মামলার মূল অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়ায় দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রশাসনের দাবি, খুনের ঘটনার সঙ্গে বাড়ি ভাঙার কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ প্রশাসনিক নিয়ম মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।