Bengal Liberty : শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আগুন লাগার পর পরপর দু’টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল দু’টি ঘর। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল সংসারের যাবতীয় সামগ্রী। নগদ টাকা, সোনার গয়না থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র, কিছুই রক্ষা করা যায়নি বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শীতের মধ্যে মাথার উপর থেকে ছাদ সরে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ওই পরিবার।
ঘটনাটি ঘটেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাঁটুইপাড়া ওয়েলস্টার ক্লাব সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ কানাইলাল ঘোষের বাড়িতে আচমকা আগুন লাগে। টিনের চাল ও বেড়া দিয়ে তৈরি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ঘরের ভিতরে থাকা দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি করে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও দমকলের কর্মীরা। দমকলকর্মীদের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দু’টি ঘর।
আরও খবর
জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে কানাইলাল ঘোষের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন কানু সরদার। দীর্ঘদিন ধরে একটু একটু করে গড়ে তোলা সংসার মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কার্যত দিশাহারা তিনি। কানুর দাবি, ঘরে নগদ ১২ হাজার টাকা রাখা ছিল। সেই টাকা ছাড়াও সোনার দুল, ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং সংসারের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী আগুনে নষ্ট হয়ে গিয়েছে।
চোখের সামনে সর্বস্ব পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন কানুর স্ত্রী যশোদা সরদার। স্বামী ও ছেলে বাবুসোনা সরদারকে নিয়ে আগামী দিনে কীভাবে সংসার চালাবেন, তা ভেবেই দিশাহারা তিনি। শীতের মধ্যে কোথায় আশ্রয় নেবেন, কোথায় রাত কাটাবেন, সেই চিন্তাই এখন গ্রাস করেছে গোটা পরিবারকে। নতুন করে সংসার গুছিয়ে তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র পুনরুদ্ধারের চিন্তাও রয়েছে তাঁদের।
একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে বাসস্থান হারানোর যন্ত্রণা, সব মিলিয়ে অসহায় অবস্থায় পড়েছে সরদার পরিবার। দীর্ঘ ১৫ বছরের পরিচিত বাসস্থান এভাবে হারাতে হবে, তা কল্পনাও করতে পারেননি তাঁরা।
অন্যদিকে, ঠিক কী কারণে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল বলে স্থানীয় সূত্রে খবর। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছেন পুলিশ ও দমকলের আধিকারিকেরা। ক্ষয়ক্ষতির মোট পরিমাণও এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মাথা গোঁজার ঠাঁই কোথায় মিলবে? শীতের মধ্যে আশ্রয়হীন হয়ে পড়া পরিবারটির স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রয়োজন আর্থিক সহায়তার পাশাপাশি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনও সাহায্যের ব্যবস্থা করা হয় কি না, এখন সে দিকেই নজর।


