Bengal Liberty : হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ে এ বার আপত্তি জানাল প্রদেশ কংগ্রেস। ভোটার সংখ্যায় ব্যাপক বৈষম্য, বুথ বিন্যাসে অসঙ্গতি এবং সাধারণ মানুষের মতামত না নিয়েই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে তারা। শুক্রবার এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের তিন নেতা। অবিলম্বে সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশের পাশাপাশি রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শুনানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশনারকে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত কে দত্ত, সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং সাংগঠনিক সম্পাদক অজিতেশ পাণ্ডে।
চিঠিতে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভোটার সংখ্যায় ব্যাপক বৈষম্য রয়েছে। কোনও কোনও ওয়ার্ডে ভোটারের সংখ্যা আট হাজার বা তারও বেশি। আবার কোনও কোনও ওয়ার্ডে ভোটারের সংখ্যা দুই হাজার কিংবা তারও কম। কংগ্রেসের দাবি, ভোটার সংখ্যা এবং ওয়ার্ড বিভাজনের ক্ষেত্রে এই পরিসংখ্যান স্পষ্ট বৈষম্যের ইঙ্গিত দিচ্ছে।
আরও খবর
শুধু ওয়ার্ড পুনর্বিন্যাস নয়, ভোটগ্রহণ কেন্দ্রের বিন্যাস নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোনও কোনও বুথে প্রায় ১,৪০০ জন ভোটার রয়েছেন। অথচ কোনও কোনও বুথে ভোটারের সংখ্যা মাত্র ২০০। একই পুরসভায় বিভিন্ন বুথের ভোটার সংখ্যার মধ্যে এতটা পার্থক্য কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা।
পাশাপাশি, একাধিক ওয়ার্ডে ভোটগ্রহণ কেন্দ্রগুলির মধ্যে দূরত্বের বিষয়টিও যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ। কংগ্রেস নেতৃত্বের আশঙ্কা, এর ফলে নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন সাধারণ ভোটারেরা।
ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, যথাযথ আলোচনা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মতামত গ্রহণ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ এবং শুনানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
হলদিয়া পুরসভার ওয়ার্ডগুলির পুরনো মানচিত্রের সঙ্গে নতুন করে তৈরি মানচিত্রের তুলনা করা হয়েছে কি না, তা-ও জানতে চেয়েছে কংগ্রেস। পুনর্বিন্যাসের সময় কোন কোন বিষয় বিবেচনা করা হয়েছে, সেই সংক্রান্ত নথিপত্র এবং পুরনো ও নতুন মানচিত্র রাজনৈতিক দলগুলির কাছে তুলে ধরার দাবি জানানো হয়েছে।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের সুবিধা, ওয়ার্ডভিত্তিক ভোটার সংখ্যার ভারসাম্য এবং ভোটগ্রহণ কেন্দ্রের অবস্থান যথাযথ ভাবে বিবেচনা করা উচিত। এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে গণতান্ত্রিক স্বার্থে যথাযথ শুনানির আয়োজন করার আর্জিও জানানো হয়েছে। কংগ্রেসের দাবি, সকল পক্ষের সঙ্গে আলোচনা এবং উত্থাপিত আপত্তিগুলি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ করা উচিত।
পুরসভা নির্বাচনের ক্ষেত্রে ওয়ার্ড পুনর্বিন্যাস একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তার আগেই হলদিয়া পুরসভার ওয়ার্ড ও বুথ বিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন তুলে কমিশনের হস্তক্ষেপ চাইল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের এই আপত্তির পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে, এখন সে দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। তবে চিঠিতে উল্লিখিত অভিযোগগুলি নিয়ে কমিশনের বক্তব্য এখনও জানা যায়নি।


