Bengal Liberty : লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করানোর লক্ষ্যে আরও এক ধাপ এগলো নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকে বিল নিয়ে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। ঠিক হয়েছে, পুনর্বিন্যাস পর্বে দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়বে। লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হওয়ার পরে রাজ্যওয়াড়ি যতগুলি হবে, আগামী ২৫ বছর তা অপরিবর্তিত থাকবে। ডিএমকে’র দাবি মেনে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবারই নতুন বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হতে চলেছে। সেখানে কেন্দ্র ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করতে পারে। এই বিল পাশ করানোর মাধ্যমে লোকসভার আসন বাড়িয়ে এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু করা সম্ভব হবে।৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই বিল পাশের চেষ্টা হবে বলে শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা। এই আবহে নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত বিলকে শর্তসাপেক্ষে সমর্থনের ইঙ্গিত দিয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি। সূত্রের খবর, এ বার একই পথে হাঁটার ইঙ্গিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল ডিএমকে। তবে দুই দলেরই শর্ত এক—আসন পুনর্বিন্যাসের নামে দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্বে কোনও কাটছাঁট করা চলবে না। অবস্থান স্পষ্ট না করলেও তামিল আবেগের সঙ্গে কোনও আপস করতে রাজি নন স্ট্যালিন। শুক্রবারও তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এমনকী, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক এনসিপি (শরদ পওয়ার)-র ৮ জন লোকসভা সাংসদও সরকার পক্ষের সমর্থনে এগিয়ে আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই।
মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার সঙ্গে ডিলিমিটেশনকে যুক্ত করে নতুন করে সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সেই অধিবেশনেই সংশোধিত বিল পেশ করতে পারে সরকার। লোকসভায় মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত আগের বিলটি চলতি বছরের এপ্রিলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাশ করানো যায়নি। এ বার সংশোধিত প্রস্তাবের মাধ্যমে সেই আপত্তি দূর করার চেষ্টা করছে কেন্দ্র। ডিলিমিটেশনের মূল উদ্দেশ্য জনসংখ্যার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা এবং আসনসংখ্যা পুনর্নির্ধারণ। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার সব রাজ্যে এক নয়।
আরও খবর
বিশেষ করে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরালা ও কর্নাটকের মতো রাজ্যগুলির আশঙ্কা ছিল, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বণ্টন হলে তুলনায় বেশি জনসংখ্যা বৃদ্ধির রাজ্যগুলি অতিরিক্ত রাজনৈতিক প্রতিনিধিত্ব পাবে। অন্য দিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির লোকসভায় আসন-অনুপাত কমে যেতে পারে। নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। ফলে আসন বাড়লেও লোকসভায় রাজ্যগুলির পারস্পরিক প্রতিনিধিত্বের অনুপাত বজায় থাকবে। আগের প্রস্তাবে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০-এ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
সংশোধিত প্রস্তাবে ঠিক কত আসন হবে, তা বিলের চূড়ান্ত বয়ান থেকে স্পষ্ট হবে। বিল ফের সংসদে আনার সম্ভাবনা ঘিরে বিরোধীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেছেন। ডিলিমিটেশন নিয়ে যৌথ কৌশল ঠিক করতেই এই বৈঠক বলে সূত্রের খবর। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ইতিমধ্যেই কেন্দ্রের এই উদ্যোগের সমালোচনা করেছেন।


